নেইমারের বাবাকে প্রধান নির্বাহী বানিয়ে বড় চমক সান্তোসের

নেইমারের বাবাকে প্রধান নির্বাহী বানিয়ে বড় চমক সান্তোসের

ফন্ট সাইজ:

ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের বোর্ডরুমে এসেছে এক নাটকীয় পরিবর্তন। ক্লাবটির পরিচালনা পর্ষদে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন দলটির সুপারস্টার নেইমার জুনিয়রের বাবা, নেইমার সিনিয়র (নেইমার দা সিলভা সান্তোস)। আগামী ডিসেম্বর পর্যন্ত তার এই চুক্তি বহাল থাকবে। তবে বর্তমান সভাপতি মার্সেলো টেক্সেইরা আগামী নির্বাচনে জয়ী হলে এই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের জন্য নবায়ন হবে। ক্লাবের শীর্ষ নেতৃত্বের কাঠামোয় সভাপতির ঠিক পরেই অবস্থান করবেন ৬১ বছর বয়সী এই ব্যবসায়ী। সান্তোসের আনুষ্ঠানিক বিবৃতির তথ্য অনুযায়ী, ফুটবল, বিপণন ও নতুন ব্যবসায়িক উদ্যোগসহ ক্লাবের বিভিন্ন বিভাগের তদারকিতে সরাসরি ভূমিকা রাখবেন তিনি। এছাড়া, তরুণ প্রতিভা অন্বেষণ ও ক্লাবের সাবেক কিংবদন্তিদের সাথে যোগসূত্র তৈরিতে কাজ করা ‘ইনস্তিতিউতো মেনিনোস দা ভিলা’-র সভাপতির দায়িত্বও সামলাবেন তিনি। তবে ক্লাবের ফুটবল ডিরেক্টর আলেকহান্দ্রে মাতোস তার নিজ দায়িত্বে সম্পূর্ণ স্বাধীন থাকবেন এবং ক্রীড়া পরিচালনার দায়িত্বে কোনো হস্তক্ষেপ হবে না।

এই আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের আগেই ক্লাবটির সঙ্গে গভীর আর্থিক সম্পৃক্ততা তৈরি করেছেন নেইমার সিনিয়র। তার মালিকানাধীন এজেন্সি ‘এনআর স্পোর্টস’-এর মাধ্যমে সমপ্রতি সান্তোসকে ১ কোটি ২০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল বা প্রায় ২১ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তা দেয়া হয়। এই অর্থ দিয়ে ফরাসি ক্লাব এএস মোনাকোর বকেয়া পাওনা মিটিয়ে ফিফার ট্রান্সফার ব্যান বা দলবদল নিষেধাজ্ঞা তুলে নিতে সক্ষম হয় ক্লাবটি। এর বিনিময়ে ক্লাব কর্তৃপক্ষ এনআর স্পোর্টসকে জার্সির স্পনসরশিপ স্পেস বরাদ্দ দেয়, যা পরে বাণিজ্যিক বাজারে বিক্রি করা হয়। পাশাপাশি, সান্তোসের অনুশীলন মাঠ ও ভিলা বেলমিরো স্টেডিয়ামের পিচ আধুনিকায়নের বিশাল প্রকল্পেও অর্থায়ন করছে নেইমারের কোম্পানি।

ইউরোপিয়ান ফুটবলের জমজমাট হাটের বাইরে দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলে এই নিয়োগ নতুন এক কৌশলগত সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। আগামী ১২ই ডিসেম্বর সান্তোসের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, এই নির্বাচনকে সামনে রেখে নেইমার সিনিয়রের এই নতুন দায়িত্বগ্রহণ ক্লাব রাজনীতি ও মাঠের বাইরের কূটনীতিকে আরও জমিয়ে তুলবে।