কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে মাদরাসা শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। এতে অন্তত আরও ৩০ জন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।
মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দু’টি বাস শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। এর মধ্যে আমাদের বাসটি আগে ছিল এবং পেছনের বাসটি কেরানীহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ডোবায় পড়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডোবায় পড়ে যায়। নিহত দু’জন বাসের সামনের আসনে ছিলেন। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে শ্বাস নিতে না পেরে তাদের মৃত্যু হয়েছে।’
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার বলেন, ‘আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
সাতাকানিয়ায় দুর্ঘটনার কবলে শিক্ষা সফরের বাস, নিহত ২, আহত ৩০
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
অনলাইন
৩২ মিনিট আগে
৭ নভেম্বর (শনিবার), ২০২৬, ১১ঃ১৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
