ইয়েমেনের তাইজ প্রদেশে বাজারে হামলায় নিহত ৩০

ইয়েমেনের তাইজ প্রদেশে বাজারে হামলায় নিহত ৩০

ফন্ট সাইজ:

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাজারে হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের এক কর্মকর্তা শুক্রবার এই তথ্য জানান। তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ এলাকায় ওই হামলায় আরও আটজন আহত হয়েছেন। হুতি এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে লড়াই পুনরায় শুরু হওয়ার পর এটি অন্যতম প্রাণঘাতী হামলা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

এই হামলার দায় নিয়ে সৌদি-সমর্থিত ইয়েমেনি সামরিক বাহিনী এবং হুতি বিদ্রোহীরা একে অপরকে দোষারোপ করছে। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সকাল ৭টার দিকে আল-হাদারা বাজারে তিনটি বিমান হামলা আঘাত হানে। তিনি এজন্য সৌদি আরবকে দায়ী করে দাবি করেন, খামিস মুশাইত বিমানঘাঁটি থেকে যুদ্ধবিমানগুলো উড়ে এসেছিল।

অন্যদিকে, তাইজে ইয়েমেন সরকারের সাথে যুক্ত কর্তৃপক্ষ এই হামলার জন্য হুতিদের দায়ী করে জানায়, সেখানে কোনো বিমান হামলা চালানো হয়নি। প্রাদেশিক গণমাধ্যম কার্যালয় জানায়, হুতিদের নির্বিচার ব্যালিস্টিক মিসাইল হামলা বেসামরিক মানুষের জীবন বিপন্ন করছে।

শুক্রবার আরব বিশ্বে ছুটির দিন হওয়ায় বাজারে কতজন লোক উপস্থিত ছিল তা পরিষ্কার নয়। তবে আল-মাসিরা টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। সেখানে ক্ষতিগ্রস্ত ভবন, ধ্বংসপ্রাপ্ত যানবাহন এবং ফলের বাক্স ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। গত মাসে হুতিরা শাবওয়া প্রদেশে সরকারি সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়ে অন্তত ৭৫ জন সেনাকে হত্যা করে। তাইজ প্রদেশের বেশিরভাগ অংশ বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে থাকলেও সরকারি বাহিনীর অধীনে থাকা রাজধানী শহরটি তারা অবরুদ্ধ করে রেখেছে। এর ফলে সেখানে বসবাসরত সাধারণ মানুষের মাঝে খাদ্য ও পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে।