প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আলিয়ানা, গৃহবন্দি পেনা

প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আলিয়ানা, গৃহবন্দি পেনা

ফন্ট সাইজ:

প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন পেদ্রো আলিয়ানা। শুক্রবার তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। একই সময়ে অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে গৃহবন্দি করেছে কর্তৃপক্ষ। উয়েনো নামের একটি ডিজিটাল ব্যাংকের পতনের ফলে দেশটিতে এই রাজনৈতিক ও আর্থিক সংকট তৈরি হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পেনার বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ আনা হতে পারে বলে প্রসিকিউটররা জানান। শনিবার তাকে প্রসিকিউটরের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

গ্রেপ্তারের মাত্র এক ঘণ্টা আগে সিনেটের সর্বসম্মত ভোটে পেনা প্রেসিডেন্ট পদ থেকে অভিশংসিত হন। দেশটির প্রায় অর্ধেক জনসংখ্যার হিসাব (অ্যাকউন্ট) থাকা ডিজিটাল ব্যাংক উয়েনোর সাথে তার অতীত সম্পৃক্ততার বিষয়ে প্রশ্ন তুলে আইনপ্রণেতারা এই পদক্ষেপ নেন। বৃহস্পতিবার পেনা পদত্যাগের প্রস্তাব দিলেও সিনেট তা গ্রহণ না করে অভিশংসন প্রক্রিয়া চূড়ান্ত করে এবং দ্বিতীয় শীর্ষ নেতা আলিয়ানাকে ক্ষমতায় বসায়। পেনার ঘনিষ্ঠজনদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও চিফ অব স্টাফসহ বেশ কয়েকজন ইতোমধ্যে পদত্যাগ করেছেন। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান কার্লোস কারভালোর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এই ব্যাংকিং সংকটের জেরে প্যারাগুয়ের রাজপথে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আমানতকারী এবং পেনশনাররা তাদের আটকে থাকা সঞ্চয় দ্রুত ফেরতের দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের সামনে জড়ো হন। পেনা কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করলেও তার বিরুদ্ধে স্বার্থের দ্বন্দ্ব ও পেনশন তহবিল সরানোর অভিযোগ আনা হয়েছে। এদিকে প্যারাগুয়ের বৃহত্তম অর্থনৈতিক অংশীদার ব্রাজিল এই সংকটের কারণে দেশটিতে সামাজিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে।