মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানান, ইরানের সাথে ওয়াশিংটনের ব্যাপক অগ্রগতি হয়েছে। তেহরান একটি চুক্তি করতে চায় বলে তিনি দাবি করেন। একইসাথে মার্কিন বাহিনী সম্প্রতি ইরানের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলেও তিনি উল্লেখ করেন। শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
ট্রাম্প বলেন, আমরা এখন তাদের সাথে কাজ করছি এবং তারা একটি চুক্তিতে পৌঁছাতে চায়। বিস্তারিত উল্লেখ না করে তিনি জানান ইরানের সাথে তাদের অনেক অগ্রগতি হয়েছে। এদিকে তেহরানের সাথে এই সংঘাতকে যুদ্ধ বলতে নারাজ ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সাথে এই পরিস্থিতির তুলনা করে তিনি বলেন, আমরা যুদ্ধ করছি না। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে সামরিক ইতিহাসের সর্ববৃহৎ অবরোধ আরোপ করেছে। গত সাত মাসে কোনো মার্কিন সেনা নিহত হয়নি বলেও তিনি দাবি করেন।
তবে মার্কিন বাহিনী ইরানের সামরিক সরঞ্জামের ওপর ছোটখাটো হামলা চালিয়েছে বলে ট্রাম্প স্বীকার করেন। তিনি বলেন, তারা একটি ছোট বিমান বিধ্বংসী ব্যবস্থা তৈরি করেছিল, যা আমরা ১৫ মিনিট বা হয়তো ৫ মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছি। তবে এই হামলা কখন বা কোথায় হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি। এছাড়াও ইরানের নৌবাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং দেশটিতে বর্তমানে ৩০০ শতাংশ মূল্যস্ফীতি চলছে বলেও দাবি করেন ট্রাম্প।
