পারস্য উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণে এক নাবিক নিহত হয়েছেন। গ্রিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভেলোস ট্যাংকার্স এক বিবৃতিতে জানায়, ‘এমটি ভেলোস’ নামের ট্যাংকারটি খালি অবস্থায় বাহরাইনের দিকে যাওয়ার সময় গত বুধবার এই হামলার শিকার হয়। প্রতিষ্ঠানটি আরও জানায়, বিস্ফোরণের পর প্রথমে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও পরবর্তীতে জাহাজের ভেতরে ওই নাবিককে মারাত্মক আহত অবস্থায় পাওয়া যায় এবং চিকিৎসা প্রদানকালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে কোম্পানিটি গভীর শোক প্রকাশ করেছে। নিহত নাগরিকের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এ ছাড়াও ওমানের উপকূলে হরমুজ প্রণালি অতিক্রমকারী আরেকটি ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জাহাজের মাস্টার ওমানের খাসাব থেকে ১৬ নটিক্যাল মাইল পূর্বে জাহাজের পোর্ট-সাইড ওয়াটারলাইনে এই বিস্ফোরণের কথা জানান। বৃটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ১টায় এ ঘটনা ঘটে। ইউকেএমটিও আরও জানায়, বিস্ফোরণের পরও ট্যাংকারটি নিজস্ব ইঞ্জিনের শক্তিতে চলছে এবং গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রেখেছে। এছাড়া জাহাজের সব ক্রু নিরাপদে আছেন এবং তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
