কোস্ট গার্ডের ৫ জাহাজের নতুন নাম

জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম বাদ

ফন্ট সাইজ:

বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ‘জয় বাংলা’সহ জাতীয় চার নেতার নামে থাকা জাহাজও রয়েছে। নতুন নামকরণ করা জাহাজগুলোর মধ্যে রয়েছেÑঅদম্য বাংলা, ফিরোজ কবীর, নুরুল ইসলাম, এম হুমায়ুন কবীর ও আশরাফ সিদ্দিকী।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে নাম পরিবর্তনের ক্ষেত্রে ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের’ কথা উল্লেখ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, বিসিজিএস জয় বাংলার নতুন নাম রাখা হয়েছে বিসিজিএস অদম্য বাংলা।

বিসিজিএস সৈয়দ নজরুলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিসিজিএস ফিরোজ কবীর। বিসিজিএস তাজউদ্দীনের নতুন নাম বিসিজিএস নুরুল ইসলাম। বিসিজিএস মনসুর আলীর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিসিজিএস এম হুমায়ুন কবীর এবং বিসিজিএস কামরুজ্জামানের নতুন নাম হয়েছে বিসিজিএস আশরাফ সিদ্দিকী।
জাহাজগুলোর নাম পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, আগে যাদের নামে জাহাজগুলোর নামকরণ করা হয়েছিল, তারা রাজনৈতিক ব্যক্তি ছিলেন। আর বিষয়টি ছিল রাজনৈতিক। সেখান থেকে নামগুলো সাধারণীকরণ করা হয়েছে। তিনি বলেন, এখন শহীদদের স্মরণে জাহাজগুলোর নতুন নামকরণ করা হয়েছে।

উল্লেখ্য, কোস্ট গার্ডের জাহাজগুলোর আগের নামের মধ্যে ‘জয় বাংলা’ ছাড়াও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানের নাম ছিল। নতুন সিদ্ধান্তে এসব নামের পরিবর্তে পাঁচটি নতুন নাম যুক্ত হলো।