বারিধারায় বাসে আগুন, আদাবর থানার পাশে হাতবোমা বিস্ফোরণ

বারিধারায় বাসে আগুন, আদাবর থানার পাশে হাতবোমা বিস্ফোরণ

ফন্ট সাইজ:

রাজধানীর বারিধারা এলাকায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি জানিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বারিধারার ‘জে’ ব্লক এলাকায় বৈশাখী পরিবহনের বাসটিতে আগুন দেয়া হয়। এছাড়াও রাজধানীর আদাবর থানার পাশে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি রাত ৯টা ৫ মিনিটের দিকে হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

ভাটারা থানা পুলিশ জানায়, বৈশাখী পরিবহনের বাসটি সাভার নতুন বাজার রুটে চলাচল করে। সন্ধ্যার দিকে বাসটি বারিধারা এলাকায় যাত্রী নামানোর কিছু সময় পরে হঠাৎ দুই তিনজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা নিরাপদে বের হওয়ায় কেউ হতাহত হননি। পুলিশ আশপাশের এলাকার ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আগুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক ও সহকারীকে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

অন্যদিকে, আদাবর থানার পাশে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল হক বলেন, আদাবর থানার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি।