কোস্ট গার্ডের জাহাজ ‘জয়বাংলা’ ও জাতীয় নেতাদের নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে। সেখানে নাম পরিবর্তনের ব্যাপারে ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের’ কথা লেখা হয়েছে। জাহাজগুলোর মধ্যে বিসিজিএস জয়বাংলা জাহাজের নাম বদলে রাখা হয়েছে বিসিজিএস অদম্য বাংলা। বিসিজিএস সৈয়দ নজরুল জাহাজের নাম বিসিজিএস ফিরোজ কবীর, বিসিজিএস তাজউদ্দীনের নাম বিসিজিএস নুরুল ইসলাম, বিসিজিএস মনসুর আলীর নাম বিসিজিএস এম হুমায়ুন কবীর এবং বিসিজিএস কামরুজ্জামান জাহাজের নাম রাখা হয়েছে বিসিজিএস আশরাফ সিদ্দিকী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করতে কোস্ট গার্ডকে মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়। সে অনুযায়ী কোস্ট গার্ড নতুন নামের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। নতুন নাম অনুমোদনের বিষয়টি গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে কোস্ট গার্ডকে জানায়। চিঠিতে বলা হয়েছে, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, যে চার ব্যক্তির নামে চারটি জাহাজের নতুন নাম রাখা হয়েছে, তারা সবাই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশে ও দেশের বাইরে অভিযান পরিচালনা করতে গিয়ে তারা শহীদ হন।
