হাসানের জাদুকরী বোলিংয়ের পর ব্যাটিংয়ে অস্বস্তি

হাসানের জাদুকরী বোলিংয়ের পর ব্যাটিংয়ে অস্বস্তি

ফন্ট সাইজ:

নতুন বলে উইকেটের খোঁজে পেসার হাসান মাহমুদের দ্বারস্থ হলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের আস্থার প্রতিদান দিতে দেরি করেননি ২৭ বছর বয়সী এ পেসার। জাদুকরী বোলিংয়ে দ্বিতীয় দিনটা নিজের করে নেন হাসান। সিলেট টেস্টে ক্যারিবিয়ানদের ছয় ব্যাটারকে ফিরিয়ে অনন্য কীর্তি গড়েন এ ডানহাতি পেসার। এরপরও স্বস্তিতে নেই বাংলাদেশ দল। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে ৩ উইকেটে ৮৮ রান তুলে দিন শেষ করে টাইগাররা। দ্বিতীয় দিন শেষে তাওহীদ হৃদয় ২৯ ও মুশফিকুর রহীম ১৯ রানে অপরাজিত থাকেন। ২৬৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন দু’জন।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২২ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। তানজিদ হাসান ৩৩ বলে ১৬ রান করে জাস্টিন গ্রিভসের বলে আউট হন। আর নাঈম হাসান ৬ বলে ৫ রান করে জেইডেন সিলসের শিকার হন। এদিন ওপেনিংয়ে নামেন ঢাকা টেস্টে দ্বিতীয় ইনিংসে ফিফটি করা নাঈম। ওপেনার সাদমান ইসলাম চোটে পড়ায় তাকে ওপেনিং এ পাঠায় টিম ম্যানেজম্যান্ট। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬৫ বলে ১৮ রান করে শামার জোসেফের বলে বোল্ড হলে ৫১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে প্রতিরোধ গড়েছেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহীম। চতুর্থ উইকেটে এখন পর্যন্ত ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন। এর আগে ২৩৫ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এদিন ১২১ রান যোগ করে শেষ ৬ উইকেট হারায় তারা। জাঙ্গুকে বোল্ড করে ১০৬ রানের পঞ্চম উইকেট জুটি ভাঙেন পেসার হাসান মাহমুদ। ১৩৩ রানের ইনিংস খেলার পথে ১৩ চার ও ২ ছক্কা মারেন জাঙ্গু। ২৬৪ রানে পঞ্চম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। পরের বলে দুর্দান্ত ডেলিভারিতে রোস্টন চেজকে লিটন দাসের গ্লাভসবন্দী করেন হাসান। হ্যাটট্রিক বল মোকাবিলা করতে আসেন জশুয়া বিশপ। হাসানের ভেতরে ঢোকানো ডেলিভারি ঠিকঠাক খেলতে পারেননি তিনি। এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার আসিফ ইয়াকুব। হ্যাটট্রিকের আনন্দে ভাসেন হাসান। রিভিউ নেন বিশপ।

রিপ্লেতে দেখা যায়, প্যাডে লাগার আগে ব্যাটের ভেতরের কানা ছুঁয়েছে বল। তাই বদলে যায় আম্পায়ারের সিদ্ধান্ত। বেঁচে যান বিশপ। অল্পের জন্য সাদা পোশাকে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পাননি হাসান মাহমুদ। গত মাসে আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের দেখা পান তিনি। লাঞ্চের আগে জশুয়া বিশপকে ফিরিয়ে ফাইফারের দেখা পেয়ে যান হাসান। অবশ্য হাসানের এই উইকেট পাওয়ার পেছনে লিটনকে কৃতিত্ব দেয়া যায়। উইকেটের গোড়ায় দাঁড়িয়ে জাস্টিন গ্রিভসকে স্টাম্পিং করেন লিটন। এ উইকেটের মাধ্যমে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট খেলুড়ে পাঁচ দলের বিপক্ষে ফাইফার পান হাসান। জায়গা করে নেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার নাথান লিয়নের পাশে। ক্রিকেট দুনিয়ায় এই কীর্তি গড়া দ্বিতীয় বোলার এবং প্রথম পেসার এখন হাসান। গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নেন তিনি। তিন ইনিংস পর সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও পেলেন ফাইফার। এর আগে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ভারতের বিপক্ষেও এক ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন তিনি। দেশের মাটিতে লাল বলে এটি হাসানের প্রথম ফাইফার। টেস্ট ক্রিকেটে পঞ্চমবারের মতো ফাইফার পেলেন তিনি। এর মাধ্যমে বাংলাদেশের পেসারদের মধ্যেও এককভাবে সবার ওপরে উঠে গেছেন হাসান। এত দিন চারবার করে পাঁচ উইকেট নিয়ে শাহাদাত হোসেন রাজীবের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।

তবে শাহাদাতের চেয়ে অনেক কম ম্যাচ খেলেই তাকে ছাড়িয়ে গেছেন ২৭ বছর বয়সী এই পেসার। প্রায় ১০ বছরের টেস্ট ক্যারিয়ারে ৩৮ ম্যাচের ৬০ ইনিংসে চারবার পাঁচ উইকেট নেন শাহাদাত। আর মাত্র ১৯ টেস্ট খেলেই পাঁচবার এই কীর্তি গড়লেন হাসান। অর্থাৎ ম্যাচসংখ্যার অর্ধেক খেলেই শাহাদাতকে ছাড়িয়ে গেছেন তিনি। বাংলাদেশের হয়ে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচ উইকেট নেয়ার তালিকায় অবশ্য এখনো স্পিনারদের আধিপত্য। ১৯ বার করে পাঁচ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। হাসানের ফাইফারের পর ফিফটি করেন জাস্টিন গ্রিভস। ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি গ্রিভস। ব্যক্তিগত ৫১ রানে তিনি মিরাজের বলে বোল্ড হলে ৩০১ রানে অষ্টম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ২ উইকেট জোসেফ ও সিলসকে নিয়ে ৫৫ রান যোগ করেন ওয়ারিক্যান। ২৭ রানে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের হয়ে ২৪ ওভার বল করে ৯০ রান দিয়ে ৬ উইকেট নেন হাসান মাহমুদ। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।