শিশুদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন প্রধানমন্ত্রী

শিশুদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

জুমার নামাজ শেষে একদল শিশু-কিশোর নিয়ে অন্যরকম সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাস্তায় দাঁড়িয়ে মেতে উঠেছেন খোশগল্পে। শিশুদের খেলাধুলার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। গতকাল রাজধানীর বনানী নৌ বাহিনীর কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পরে একদল শিশু-কিশোরের সঙ্গে কথা বলেন- প্রধানমন্ত্রী। এ তথ্য দিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নৌবাহিনীর সদর দপ্তরে কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করেন। আজকেও জুমার নামাজ আদায়ের পরে বাইরে কিছু শিশু-কিশোরের সঙ্গে কথা বলেছেন। তাদের খোঁজ-খবর নিয়েছেন, তারা কি খেলে তা নিয়ে খোঁজ-খবর নিয়েছেন।

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের কাছে জানতে চেয়েছেন, তারা কি খেলা পছন্দ করে, তারা খেলাধুলা করে কিনা। তখন কেউ কেউ বলেছে, ফুটবল খেলা, কেউ কেউ বলেছে, ক্রিকেট খেলা। প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন- তারা বাস্কেট বল খেলে কিনা, টেবিল টেনিস খেলে কিনা। অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের বলেছেন, তাদের জন্য খেলার সামগ্রী দেয়ার ব্যবস্থা করবেন। পরে তিনি তাদের সঙ্গে হ্যান্ডশেক করে ‘ওকে সবাই ভালো থেকো’ বলে বিদায় নেন। এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো একটি ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে শিশুদের সঙ্গে কথা বলছেন। তিনি শিশুদের বলেন, ফুটবল আছে? জবাবে শিশুরা বলে, আছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কয়টা আছে? এমন প্রশ্নের জবাবে শিশুরা বলে, ৪-৫টা আছে।

‘শিশুরা এ সময় প্রধানমন্ত্রীর কাছে ফুটবলের আবদার করলে প্রধানমন্ত্রী বলেন, গাড়িতে কি ফুটবল আছে? গাড়িতে ফুটবল না থাকায় প্রধানমন্ত্রী শিশুদের কথা দেন, আগামী জুমার দিন তাদের ফুটবল দেবেন’। প্রায় কয়েক মিনিট শিশুদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এরপর শিশুদের সঙ্গে হ্যান্ডশেক করে ও মাথায় হাত বুলিয়ে বিদায় নেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে শিশুদের শিশু-কিশোরদের নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।