কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নে নিশিন্তপুর আদর্শ ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক সফিকুর রহমান সফিক বলেছেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে মাদক, অপরাধ ও হতাশা থেকে দূরে রাখে। মাঠে ঘাম ঝরানো প্রতিটি তরুণই আগামীর সম্ভাবনাময় দেশ গড়ার কারিগর।
শুক্রবার ইউনিয়নের নিশিন্তপুর গজরাপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই ফাইনালে লাকসাম কৃষ্ণপুর ক্লাব বনাম মনোহরগঞ্জ শ্রীপুর একাতা ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। ম্যাচটিতে নির্ধারিত সময় শেষে ট্রাইব্রেকারে কৃষ্ণপুর ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মনোহরগঞ্জ শ্রীপুর একাতা ক্লাব। সমাজসেবক আশিক জামান হোসেনের সভাপতিত্বে এবং মৈশাতুয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ শেখের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং মৈশাতুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল সোবহান, মৈশাতুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, বিশিষ্ট যুবদল নেতা মজিবুর রহমান মজিব এবং আব্দুল রাজ্জাক মিয়া সহ এলাকার হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন।
