মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে মাদক কারবারিরা। হামলাকারীরা তার হাত-পা ভেঙে দেয়ার পাশাপাশি বাম পায়ের রগ কেটে দিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে রূপগঞ্জের তারাবো পৌরসভার উত্তর বাসাবো এলাকার একটি নির্জন স্থানে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত আবুল কালাম উত্তর বাসাবো এলাকার বাসিন্দা। তিনি আগে হবিগঞ্জে কর্মরত ছিলেন। প্রায় পাঁচ মাস আগে ঢাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি হন। এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার থাকায় স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে তার বিরোধ চলছিল। বিভিন্ন সময় তাকে হুমকি-ধমকিও দেয়া হয়।

বৃহস্পতিবার রাতে স্থানীয় মাদক কারবারি শাহাদাতের ছোট ভাই শাহজালাল মুঠোফোনে আবুল কালামকে ডেকে নেয়। পরে তাকে বাসাবো এলাকার একটি বিলের পাশে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা শাহজালালসহ ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙে দেয়া হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ের রগ কেটে দেয় হামলাকারীরা। আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলেও অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।