জামালপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

ফন্ট সাইজ:

জামালপুরের দেওয়ানগঞ্জে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার দায়ে সাইদুর রহমান নামে এক মাদ্রাসা শিক্ষককে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সাইদুর দেওয়ানগঞ্জ উপজেলার সাকোয়াপাড়া গ্রামের জুরান আলীর ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, ভুক্তভোগী আট বছর বয়সী শিশুটি দেওয়ানগঞ্জ উপজেলার সাকোয়াপাড়া গ্রামের স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। চলতি বছরের ২৬শে এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসা শিক্ষক সাইদুর ওই শিশুকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ঘরের দরজায় শব্দ হলে সাইদুর ঘরের এক কোণে সরে যান। সুযোগ পেয়ে শিশুটি ঘর থেকে বের হয়ে বাড়িতে চলে আসে। ঘটনার পর ৩রা মে ভুক্তভোগী শিশুর পরিবার দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ওই মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।