চট্টগ্রামে ডেঙ্গু সচেতনতা তৈরিতে রুহুল কবির রিজভীর লিফলেট বিতরণ

ফন্ট সাইজ:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় হাসপাতালের সামনে থাকা দোকানদার, পথচারী, রোগীর স্বজন ও সাধারণ মানুষের হাতে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট তুলে দেয়া হয়। লিফলেটে এডিস মশার প্রজনন স্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেয়া হয়। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানানো হয়। কর্মসূচি শেষে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। ফুলের টব, ডাব ও নারকেলের খোসা, পুরনো টায়ার, নির্মাণাধীন ভবন এবং বাড়ির ছাদে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করে। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেয়া যাবে না। তিনি আরও বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আগের তুলনায় ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কমেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব বিটিআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু সেলগুলোতে বিনা মূল্যে এনএস-১ অ্যান্টিজেন ও সিবিসি পরীক্ষা, রোগীদের জন্য মশারি এবং পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা রাখা হয়েছে। শাহাদাত হোসেন আশা প্রকাশ করেন, নভেম্বর মাসে বৃষ্টিপাত কম হলে এবং কোথাও পানি জমে না থাকলে ডেঙ্গুর প্রকোপ আরও কমে আসবে।

কর্মসূচিতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপি’র আহ্বায়ক এরশাদুল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন।