গলফ খেলার সময় বজ্রপাতে ১৫ বছর বয়সী কিশোরীর মৃত্যু

গলফ খেলার সময় বজ্রপাতে ১৫ বছর বয়সী কিশোরীর মৃত্যু

ফন্ট সাইজ:

থাইল্যান্ডে একটি জুনিয়র গলফ টুর্নামেন্ট চলাকালে বজ্রপাতে ১৫ বছর বয়সী এক কিশোরী গলফারের মৃত্যু হয়েছে। তার নাম আয়াভারিন আয়া প্রাদুবয়ার্ত। ব্যাংককের পূর্বে চাচোয়েংসাও প্রদেশে গত রোববার এই মর্মান্তিক ঘটনা ঘটে। মাঠের ১১তম হোলের কাছে বজ্রপাত আঘাত হানলে আয়া গুরুতর আহত হয়। এই ঘটনায় ৩১ বছর বয়সী এক নারী ক্যাডিও আহত হন। উদ্ধারকর্মীরা আয়াকে অচেতন অবস্থায় পান এবং সিপিআর দিয়ে তার হৃদস্পন্দন ফিরিয়ে আনেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বুদ্ধাসোথর্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। এ খবর দিয়েছে ইনডিপেন্ডেন্ট।

তার পরিবার প্রশ্ন তুলেছে কেন ওই এলাকায় বজ্রপাতের আশঙ্কা থাকা সত্ত্বেও খেলা চালিয়ে যেতে দেয়া হলো। নিহত কিশোরীর মা নাতচা জানান, স্থানীয় সময় বিকাল ৩টার দিকে গলফ কোর্সের পাশের গাছে বজ্রপাত হয়। এরপর বৃষ্টি শুরু হলেও কর্মকর্তারা সাথে সাথে খেলা বন্ধ করেননি বা কিশোরীদের মাঠ ছাড়ার নির্দেশ দেননি। পরে আরেকটি বিকট শব্দের বজ্রপাতের পর খেলা বন্ধ করা হয়। আয়া থাই স্টুডেন্ট গলফ ইউনিয়নের সদস্য এবং একজন প্রতিশ্রুতিশীল জুনিয়র খেলোয়াড় ছিল। গত মার্চে সে জুনিয়র এশিয়ান ট্যুর ২০২৬-এর একটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছিল।