ইউরোপের ১০ দেশের সুপারমার্কেটের ফ্রিজারে হ্যাকারদের হামলা

কোটি কোটি টাকার খাবার নষ্ট

ইউরোপের ১০ দেশের সুপারমার্কেটের ফ্রিজারে হ্যাকারদের হামলা

ফন্ট সাইজ:

ইউরোপের অন্তত ১০টি দেশের সুপারমার্কেটের হিমাগার ও ফ্রিজিং ব্যবস্থায় ধারাবাহিক সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হওয়ায় খাদ্য সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গ্রাহকদের সতর্ক করেছে।
একই সঙ্গে আরও সাইবার হামলার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে ইউরোপের বিভিন্ন দেশ।

চলতি সপ্তাহে বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, জার্মানি ও সুইডেনের সুপারমার্কেটগুলোতে এসব হামলার ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাইবার হামলার কারণে বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজারের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। কোথাও কোথাও তা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছায়। ফলে সংরক্ষিত খাবার নষ্ট হওয়ায় সেগুলো ফেলে দিতে বাধ্য হন ব্যবসায়ীরা।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি। তবে ধারাবাহিক ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
এর মাত্র তিন সপ্তাহ আগে ফ্রান্সে একই ধরনের সাইবার হামলায় প্রায় ৭০০টি মুদি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে কয়েক কোটি ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয় বলে ধারণা করা হচ্ছে।

ফ্রিজিং ব্যবস্থা ছাড়াও দূর থেকে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা যায় এমন অন্যান্য যন্ত্রপাতির নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এসব ঘটনা সরকার-সমর্থিত হাইব্রিড হামলার বৃহত্তর পরিকল্পনার অংশ হতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের খাদ্য ও কৃষিবিষয়ক কমিশনার ক্রিস্টোফ হ্যানসেন বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে জোটটি। ভবিষ্যতে আরও বড় ধরনের বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছেন তিনি।
ইউরোপীয় কমিশনের মুখপাত্র টমাস রেগনিয়ের সরাসরি কাউকে দায়ী করেননি। তবে তিনি বলেন, ‘এসব ঘটনা আবারও দেখিয়ে দিয়েছে, সাইবার হামলার মাধ্যমে কীভাবে অত্যাবশ্যকীয় পরিষেবা ব্যাহত করা এবং নাগরিকদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ ধরনের সাইবার হামলার মোকাবিলায় আমাদের সম্মিলিতভাবে আরও সহনশীল ও প্রস্তুত থাকতে হবে।’

ইতালিতে ক্ষতিগ্রস্ত একাধিক সুপারমার্কেট
ইতালিতে প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সরকার গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছে, দেশটিতে হামলার প্রভাব আপাতত সীমিত। খাদ্য সরবরাহ ব্যবস্থার বড় অংশেই এ ধরনের হামলা প্রতিরোধের জন্য উন্নত নিরাপত্তাব্যবস্থা রয়েছে।

দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, সিসিলির অন্তত চারটি সমবায়ভিত্তিক সুপারমার্কেট এবং টাস্কানির একটি ব্যবসাপ্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে।
মেলোনির কার্যালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই পুরোনো নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করছিল। সেগুলোর ইন্টারফেস সরাসরি ইন্টারনেটের সঙ্গে যুক্ত ছিল এবং নিরাপত্তা যাচাইয়ের ব্যবস্থাও ছিল অপর্যাপ্ত।

বেলজিয়ামে কয়েক ডজন দোকানের ফ্রিজিং ব্যবস্থা বিকল
সাম্প্রতিক হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বেলজিয়াম অন্যতম। দেশটির কয়েক ডজন সুপারমার্কেটে হিমায়ন ব্যবস্থা বিকল হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছেন দেশটির ফেডারেল প্রসিকিউটররা।
বেলজিয়ামের ডেলহাইজ সুপারমার্কেটের ব্যবস্থাপক ম্যাথিউ টিলম্যান বিবিসিকে বলেন, এ ধরনের হামলায় তিনি হতবাক।

তিনি বলেন, ‘কেউ এমন কাজ কীভাবে করতে পারে, তা আমি বুঝতে পারছি না। কেন আমাদের এত খাবার ফেলে দিতে হচ্ছে? বিষয়টি আমার জন্য সত্যিই বেদনাদায়ক। এমন পরিস্থিতিতে চাকরি ছেড়ে দিতে ইচ্ছে করে।’

আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসেও বিপর্যয়
আয়ারল্যান্ডে সুপারভ্যালু চেইনের ১৩টি দোকান সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক মাসগ্রেভ গ্রুপ ঘটনাটিকে বড় ধরনের হামলা হিসেবে বর্ণনা করেছে।

সোমবার প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে শীতল ও হিমায়িত খাদ্যপণ্যের মজুত পুনরায় পূরণের কাজ পুরোদমে চলছে।
নেদারল্যান্ডসেও কয়েকটি ছোট সুপারমার্কেট এ হামলার শিকার হয়েছে। গত মাসে পৃথক একটি সাইবার হামলার কারণে দেশটির সুপারমার্কেট চেইন আলবার্ট হেইনকে কয়েকটি সেবা বন্ধ রাখতে হয়েছিল।

জার্মানিতে ড্যানফস নামের একটি সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলার কারণে পশ্চিমাঞ্চলের রেভে বুস্কেন সুপারমার্কেটের হিমায়ন ব্যবস্থায় বিঘ্ন ঘটে।
প্রতিষ্ঠানটি বিবিসিকে জানিয়েছে, সোমবার বিকেল থেকে যান্ত্রিক ত্রুটি মেরামতের পর দোকানগুলো আবার চালু হয়েছে।

পর্তুগালে মোস্কেতেইরোস গ্রুপ জানিয়েছে, তাদের ইন্টারমার্শে চেইনের সাতটি দোকানে ঘটা ঘটনাগুলো সাইবার হামলার সঙ্গে সম্পর্কিত। প্রতিষ্ঠানটির ধারণা, হামলাটি তাদের হিমায়ন ব্যবস্থা পরিচালনার দায়িত্বে থাকা একটি বহিরাগত সেবাদাতা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে চালানো হয়েছে।
সুইডেনের সুপারমার্কেট চেইন আইসিএ সরাসরি সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে তাদের সীমিতসংখ্যক দোকানে হিমায়ন ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ার কথা জানিয়েছে। দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাটি পর্যবেক্ষণ করছে।

ফিনল্যান্ডে কেস্কো গ্রুপের মালিকানাধীন কয়েকটি ছোট মুদি দোকানে অস্বাভাবিক তাপমাত্রা শনাক্ত হয়েছে। বিষয়টি তদন্ত করছে প্রতিষ্ঠানটি।
এস্তোনিয়ায় অন্তত একটি সুপারমার্কেট হ্যাকারদের হামলার শিকার হয়েছে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম ইআরআরের খবর অনুযায়ী, হ্যাকাররা ওই সুপারমার্কেটের রেফ্রিজারেশন ইউনিটের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল।

যুক্তরাজ্যেও সতর্কতা, এআই হামলার আশঙ্কা
ইউরোপের সাম্প্রতিক ঘটনাগুলোর পর যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র দেশটির খুচরা বিক্রেতাদের ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী সফটওয়্যার হালনাগাদ করার পরামর্শ দিয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, আগামী দুই বছরের মধ্যে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত সাইবার হামলার শিকার হতে পারে।

জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের প্রধান রিচার্ড হর্ন বিবিসি রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে বলেন, যুক্তরাজ্যেও সাইবার হামলার পর এমন কয়েকটি ঘটনা ঘটেছে, যেখানে দুর্বল প্রযুক্তির অপব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, ‘এসব ঘটনার পূর্ণাঙ্গ প্রভাব সম্পর্কে আমরা এখনো অবগত নই। তবে আমরা জানি, কিছু ক্ষেত্রে দুর্বল প্রযুক্তির অপব্যবহার হয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কাজ করছি।’

বৃটেনের সুপারমার্কেটগুলো কিংবা একই ব্র্যান্ড বা মডেলের ফ্রিজারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে হর্ন বলেন, বিষয়টি শুধু সুপারমার্কেটের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পুরো খাদ্য সরবরাহ ব্যবস্থাজুড়েই এর প্রভাব পড়তে পারে।

তিনি বলেন, ‘আমরা রাতভর কাজ করে বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করছি। যেসব প্রতিষ্ঠানের অরক্ষিত প্রযুক্তি রয়েছে এবং যেগুলো এ ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে, তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’