আল-সায়েদের ভারতীয় স্ত্রীকে নিয়ে কী বলেছিল পরিবার

আল-সায়েদের ভারতীয় স্ত্রীকে নিয়ে কী বলেছিল পরিবার

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ঐতিহাসিক জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আবদুল আল-সায়েদ। মিশিগান থেকে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে পরাজিত করে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন মিশরীয় বংশোদ্ভূত এই মার্কিন রাজনীতিক। তবে নির্বাচনে জয়ের পর তার রাজনৈতিক অর্জনের পাশাপাশি আলোচনায় এসেছে ব্যক্তিগত জীবনের একটি মজার ঘটনা।
ভারতীয় স্ত্রীকে বিয়ে করায় একসময় পরিবারের কাছ থেকে কী ধরনের রসিকতার মুখে পড়েছিলেন, তা নিয়ে তার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

নির্বাচনে জয়ের পর স্ত্রী ড. সারাহ জুকাকুর সঙ্গে আনন্দ উদযাপন করেন আল-সায়েদ। তার স্ত্রীর পারিবারিক শিকড় ভারতের কর্ণাটকে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে আল-সায়েদ নিজের বিয়ে নিয়ে পরিবারের এক সদস্যের মন্তব্য এবং তার জবাবের কথা তুলে ধরেছেন।

ভিডিওতে তিনি জানান, ড. সারাহকে বিয়ে করার পর মিশর থেকে আসা তার এক চাচা তাকে বলেছিলেন, ‘আট কোটি মিশরীয় থাকতে শেষ পর্যন্ত তুমি কিনা একজন ভারতীয় নারীকে বিয়ে করলে!’
চাচার এমন মন্তব্যের জবাবে মজার ছলে সায়েদ বলেছিলেন, ‘চাচা, তাদের জনসংখ্যা তো ১০০ কোটি। পরিসংখ্যানের হিসাবে দেখলে তার সম্ভাবনাই সবচেয়ে বেশি ছিল।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওটি চলতি বছরের আগস্টে ইউটিউবে প্রকাশিত ‘মিট দ্য রিয়েল আবদুল আল-সায়েদ’ পডকাস্টের অংশ।
ওই পডকাস্টে তার পরিবার, শৈশব ও বেড়ে ওঠার নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ার সময় সারাহ জুকাকুর সঙ্গে সায়েদের বাগদান হয়। পরে ২০০৬ সালের মে মাসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সারাহ ভারতীয়-আমেরিকান পরিবারের সন্তান। তার পূর্বপুরুষেরা ভারতের কর্ণাটক রাজ্যের উপকূলীয় শহর ভাটকল থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।
সারাহর দাদা জুকাকু শামশুদ্দিন তৎকালীন মহীশূর রাজ্যের (বর্তমান কর্ণাটক) মুখ্যমন্ত্রী বিডি জত্তির অধীনে উপ-অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তাকে ভাটকল অঞ্চলের প্রথম আইনজীবী হিসেবেও বিবেচনা করা হয়।
সারাহর বাবা ড. তায়েব জুকাকু একজন কিডনি বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি বেঙ্গালুরুতে চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করেন।

স্ত্রীর ভারতীয় পরিবারের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও বিভিন্ন সময়ে তুলে ধরেছেন আল-সায়েদ। এক সাক্ষাৎকারে রসিকতা করে তিনি বলেছিলেন, প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের পর তিনি এখন ‘আরবদের চেয়ে বেশি ভারতীয়’ হয়ে উঠেছেন।
সায়েদ ও সারাহ দম্পতির দুই মেয়ে রয়েছে। তাদের নাম এমালি ও সেরিন।