ইউরোপজুড়ে বোমা আতঙ্ক, তিন দেশে একের পর এক বিমানের জরুরি অবতরণ

ইউরোপজুড়ে বোমা আতঙ্ক, তিন দেশে একের পর এক বিমানের জরুরি অবতরণ

ফন্ট সাইজ:

ইউরোপজুড়ে বিমান চলাচলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বোমা হামলার হুমকি। বৃহস্পতিবার সকালে একাধিক যাত্রীবাহী বিমানকে নির্ধারিত গন্তব্যের বাইরে জরুরি অবতরণ করতে হয়েছে। ইউরোপে বিমান লক্ষ্য করে ধারাবাহিক হুমকির সর্বশেষ ঘটনা এটি। খবর রয়টার্সের।

আয়ারল্যান্ডের বিমান সংস্থা অ্যার লিঙ্গাস এক বিবৃতিতে জানিয়েছে, ডাবলিন থেকে রোমগামী তাদের ফ্লাইট ইআই৪০২ নিরাপত্তার স্বার্থে গতিপথ পরিবর্তন করে প্যারিসের ১০০ কিলোমিটার পশ্চিমে এভ্রু বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
বেলজিয়ামের গণমাধ্যম জানিয়েছে, ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দরে জরুরি অবতরণ করা একটি বিমান পোল্যান্ডের বিমান সংস্থা লটের।
এদিকে, হেলসিঙ্কি থেকে আসা ফিনএয়ারের একটি বিমানকে ইতালির বিমানবাহিনী নিরাপদে রোমের নির্ধারিত বিমানবন্দরে অবতরণে সহায়তা করে। সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

বুলগেরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, বোমা হামলার হুমকির কারণে দেশটিতে তিনটি বিমান জরুরি অবতরণ করেছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রচারমাধ্যম বিটিভির বরাতে জানান, কোপেনহেগেন ও মাদ্রিদ থেকে আসা দুটি বিমান সোফিয়ায় অবতরণ করেছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, লন্ডন থেকে আসা তৃতীয় বিমানটি অবতরণ করেছে প্লভদিভে।

এর আগে গত মঙ্গলবার ইউরোপজুড়ে অন্তত সাতটি বিমান এবং একটি প্রমোদতরিতে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এতে বিভিন্ন বিমানবন্দরে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হলেও কোথাও কোনো বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়নি।
এসব হুমকির জন্য এখন পর্যন্ত কোনো দেশকে দায়ী করা হয়নি।

তবে ইউরোপীয় কর্মকর্তারা সম্প্রতি রাশিয়া ও ইরানের বিরুদ্ধে ‘হাইব্রিড হামলা’ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলছেন। মস্কো ও তেহরান এ ধরনের কোনো অভিযান পরিচালনার অভিযোগ অস্বীকার করেছে।

এ সপ্তাহে ইউরোপের কয়েকটি দেশের সুপারমার্কেটে অজ্ঞাতপরিচয় হ্যাকাররা ফ্রিজ বন্ধ করে দেয়। কিছু বিশেষজ্ঞের মতে, ভুয়া বোমা হামলার হুমকিও স্বল্প ব্যয়ে এবং দায় অস্বীকারের সুযোগ রেখে বিশৃঙ্খলা সৃষ্টির একই ধরনের প্রচেষ্টার অংশ হতে পারে।