ঋণখেলাপি হয়ে পড়া সিটি গ্রুপকে নতুন করে চলতি মূলধন ঋণ দিতে ব্যাংক-কোম্পানি আইনে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে গ্রুপটির পাঁচটি প্রতিষ্ঠানকে সিন্ডিকেটেড ঋণ সুবিধা দিতে ব্যাংকগুলোর সামনে আপাতত আর কোনো আইনি বাধা থাকছে না। ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারা আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। সিটি ব্যাংকের নেতৃত্বে সিন্ডিকেটেড ঋণের আওতায় সিটি গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানকে এ ঋণ সুবিধা দেয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি মূলধন পেতে যাওয়া পাঁচ প্রতিষ্ঠান হচ্ছে- সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ. সিটি এডিবল অয়েল লি., সিটি ডাল মিল্স ও শম্পা ফ্লাওয়ার মিল্স।
নতুন করে চলতি মূলধন ঋণ হিসেবে ৮টি ব্যাংকের কাছ থেকে ১,৭০০ কোটি টাকা পাবে সিটি গ্রুপ। ব্যাংকগুলোর সঙ্গে গ্রুপটির ঋণচুক্তি (এগ্রিমেন্ট) সই হওয়ার কথা রয়েছে। আর আগামী রোববার থেকে গ্রুপটির চাহিদা অনুযায়ী ঋণের অর্থ ছাড় শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাংকাররা।
বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। ধারা অনুযায়ী, সাধারণত কোনো খেলাপি ঋণগ্রহীতাকে ব্যাংক নতুন করে ঋণসুবিধা দিতে পারে না। তবে বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমোদন ও নির্ধারিত শর্তের আওতায়, এ বিধান থেকে অব্যাহতি দেয়ার সুযোগ রয়েছে। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাশরুর আরেফিন বলেন, সিটি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের আগামী রমজান উপলক্ষে কাঁচামাল আমদানির জন্য ১,৭০০ কোটি টাকার সিন্ডিকেটেড চলতি মূলধন ঋণ দিতে ৮টি ব্যাংক সম্মত হয়েছে। তিনি বলেন, সিটি ব্যাংক এ ঋণের মধ্যে ৩০০ কোটি টাকা দেবে। বাকি ৭টি ব্যাংক প্রত্যেকে ২০০ কোটি টাকা করে মোট ১,৪০০ কোটি টাকা দেবে। মাশরুর আরেফিন আরও বলেন, সিটি গ্রুপের সঙ্গে ব্যাংকগুলোর ঋণচুক্তি সই হবে। এরপর আগামী রোববার থেকে গ্রুপটির চাহিদা অনুযায়ী ঋণের অর্থ ছাড় করা হবে। সিটি গ্রুপভুক্ত ঋণখেলাপি পাঁচটি প্রতিষ্ঠান এর অনকূলে ৩,০০০ কোটি টাকার চলতি মূলধন সুবিধা প্রদানের ক্ষেত্রে সিটি ব্যাংক পিএলসি-এর নেতৃত্বে গঠিতব্য সিন্ডিকেটেড অর্থায়নের জন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৭ক (৩) ধারায় বর্ণিত বিধান আগামী ৩১শে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর হবে না। উল্লেখ্য, দেশের দুই ডজন ব্যাংকের কাছে প্রায় ২৬ হাজার কোটি টাকার খেলাপি ঋণ নিয়ে চলছে সিটি গ্রুপ। গত সেপ্টম্বরে এসব ঋণ খেলাপি হয়ে গেলেও বাণিজ্যিক ব্যাংকগুলোকে খেলাপি না করার সিদ্ধান্ত দেয় বাংলাদেশ ব্যাংক। খেলাপি না করে উল্টো সিটি গ্রুপকে উদ্ধারে নতুন ঋণ দেয়ার প্রস্তাব দেয় কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু সব ব্যাংক তাতে রাজী না হলে গত সপ্তাহে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে সভা করা হয় কেন্দ্রীয় ব্যাংকে। সেখানে খেলাপি করা নিয়ে দুই ধরনের মতামত দেন ব্যবস্থাপনা পরিচালকরা। তাতে আগের অবস্থান থেকে সরে এসে ধীরে ধীরে সিদ্ধান্ত বাস্তবায়নের পথ বেছে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সিটি গ্রুপের সব ঋণকে কয়েকটি ব্যাংকের নেতেৃত্বে সিন্ডিকেট ঋণে রুপান্তর করে বিষয়টি সামাল দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে বিশেষ ছাড়
অর্থনৈতিক রিপোর্টার
৫ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
