রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় এশিয়ান ইউনিভার্সিটির বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এর মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য জানান। তবে পুলিশ জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত নিহতদের একজনের পরিচয় শনাক্ত করা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৭টা ৩৮ মিনিটে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে।
দুর্ঘটনায় এশিয়ান ইউনিভার্সিটির বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। মরদেহগুলো শাহ আলী থানার এসআই আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে এশিয়ান ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক বদিউর রহমান সোহেল মানবজমিনকে বলেন, বিশ্ববিদ্যালয়ের বাসটি আশুলিয়া থেকে মিরপুর আসছিল শিক্ষার্থীদের নেয়ার জন্য। পথেই এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাসের চালকও আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, এ ঘটনায় কার দোষ সেটি বলা যাচ্ছে না। তবে সেখানকার মানুষজন জানিয়েছে, মূল সড়কের পাশে ময়লার ভাগাড় ছিল। তখন ময়লার স্তূপ সড়কেও চলে আসে। ঘটনাটি ঘটলে চালক জোরে ব্রেক কষলেও তখন সেটি কাজ করেনি।
ঘটনার বিষয়ে পুলিশের মিরপুর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাছের রিকাবদার মানবজমিনকে বলেন, নিহত চারজনের মধ্যে কেবল একজনের পরিচয় জানতে পেরেছি আমরা। তার বাড়ি নাটোরে। তার স্ত্রীকে জানানো হয়েছে বিষয়টি। তবে বাকিদের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান ডিসি।
