খুলনার আদালতপাড়ায় আলোচিত দুই হত্যাকাণ্ডে চার্জশিট দাখিল

ফন্ট সাইজ:

খুলনার আদালতপাড়ার আলোচিত দুই হত্যাকাণ্ডে ১৩ জন আসামির নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সদর থানার ওসি তদন্ত মিজানুর রহমান চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত আসামিরা হলেন- এজাজ, কামরুল, শুভ, হাসিব, রোমান, কাউয়া মিরাজ, চিংড়ি পলাশ, সাইফি, মুন্না, লবী গাজী, ইমরান, আরেফিন ও রেজাউল মুন্সি হৃদয়।
মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মাদক ব্যবসা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, খুন ও পূর্ব শত্রুতার জের ধরে আলোচিত এ দুই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের আগের দিন রাতে রূপসা উপজেলার আইচগাতি এলাকার সেনেরবাজারে সন্ত্রাসী ইমরানের একটি অফিসে বসে হত্যাকাণ্ডের ছক করা হয়। তারই পরিকল্পনা মোতাবেক ৩০শে নভেম্বর আদালতের সামনে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনকে হত্যা করা হয়। বুধবার আদালতে এই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ৩০শে নভেম্বর আদালতে অস্ত্র মামলায় হাজিরা দিতে আসে খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর দু’সদস্য হাসিব হাওলাদার এবং ফজলে রাব্বি রাজন। হাজিরা শেষে আদালতের সম্মুখে দুই বন্ধু একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের দু’জনের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাদের দু’জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।