এবার সিসিটি পরিচালনায় আসছে চিটাগাং ড্রাই ডক

ফন্ট সাইজ:

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) প্রতিষ্ঠানটিকে দায়িত্ব দেয়ার প্রক্রিয়া চলছে। এর আগে বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্বও একই পদ্ধতিতে পেয়েছিল প্রতিষ্ঠানটি।
সিসিটি নির্মাণের পর থেকে এটি পরিচালনা করে আসছে বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। গত ২রা নভেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তবে নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত না হওয়ায় সাইফ পাওয়ারটেকের পরিচালনার মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়িয়েছে বন্দর কর্তৃপক্ষ। সিসিটি পরিচালনার দায়িত্ব নিতে সিডিডিএলের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের আলোচনা চলছে। এ বিষয়ে একটি প্রস্তাবও পাঠানো হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, আগামী তিন সপ্তাহের মধ্যে সিসিটির জন্য অন্তর্বর্তীকালীন অপারেটর নিয়োগ দেয়া হবে। এ বিষয়ে প্রস্তাব পাঠানো হলেও এখনো অনুমোদন চূড়ান্ত হয়নি।
বন্দর সূত্র জানায়, বর্তমানে এনসিটি পরিচালনার দায়িত্বেও রয়েছে সিডিডিএল। তবে আগামী বছরের শুরুতে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে টার্মিনালটির পরিচালনার দায়িত্ব হস্তান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। সে পর্যন্ত এনসিটি পরিচালনা করবে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানটি।
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ওঠানামার বড় একটি অংশ হয় এই দুই টার্মিনালে। এর মধ্যে এনসিটির মাধ্যমে মোট কন্টেইনারের প্রায় ৪৫ শতাংশ এবং সিসিটির মাধ্যমে ১৪ শতাংশ ওঠানামা হয়। ফলে বন্দর পরিচালনায় টার্মিনাল দু’টির গুরুত্ব অনেক বেশি।
এদিকে সিসিটি পরিচালনার দায়িত্ব সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি)কে দেয়ার প্রক্রিয়াও এগিয়ে নিচ্ছে সরকার। চূড়ান্তভাবে নতুন অপারেটর দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত এনসিটি ও সিসিটি দু’টি টার্মিনালই সিডিডিএলের পরিচালনায় থাকতে পারে।