টিকটকের ভিডিও ছড়ানোর অভিযোগে ছাত্রীকে বহিষ্কার

ফন্ট সাইজ:

বিদ্যালয়ের পোশাক পরে প্রতিষ্ঠান অভ্যন্তরে টিকটকের জন্য ভিডিও ও ছবি ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রীকে বহিষ্কার করেছে ফেনীর পরশুরামের বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। গত মঙ্গলবার বিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চলাকালে নির্ধারিত পোশাক পরে প্রতিষ্ঠানের ভেতরে টিকটকের জন্য আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করেন ওই ছাত্রী। পরে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়। এতে বিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির তদন্ত ও শিক্ষার্থীর স্বীকারোক্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

বিদ্যালয় প্রাঙ্গণে মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ থাকলেও ওই ছাত্রী আচরণবিধি লঙ্ঘন করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হন। এর পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা কমিটির সুপারিশ ও পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে তাকে বিদ্যালয় থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। ৩রা নভেম্বর থেকে বিদ্যালয়ের সঙ্গে তার শিক্ষার্থী হিসেবে সম্পর্কের অবসান ঘটেছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন আক্তার বলেন, এর আগেও ওই ছাত্রীকে কয়েকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্ক করার পরও একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে।