ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ভোররাতে ঝটিকা মহড়া দিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ সময় ‘জয় বাংলা’ স্ল্লোগান দিয়ে পটকা ও আতশবাজি জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটানোও হয়। দুইটি মাইক্রোবাস ও কিছু মোটরসাইকেলে এসে তারা সড়কে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে শুভ (২৫) নামে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করে। বুধবার ভোররাত ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারের কুঠিপাড়া এলাকায় এই বিশৃঙ্খল ঘটনা ঘটে। আটক শুভ কুঠিপাড়া এলাকার ইজাহার মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী হাফিজুর রহমান জানান, ভোররাতে একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলযোগে ১৪/১৫ জনের একটি দল কুঠিপাড়া মোড়ে এসে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। মুহূর্তের মধ্যে তারা মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে একাধিক পটকা ফুটিয়ে আতঙ্ক ছড়িয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিয়ে জড়িত সন্দেহে শুভকে ধরে ফেলে। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আলামত পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে, এটি কোনো ককটেল বিস্ফোরণ ছিল না; আতঙ্ক ছড়াতে পটকা বা আতশবাজি জাতীয় কিছু ফোটানো হয়েছিল। এ ঘটনায় জড়িত শুভ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে। ঘটনার পেছনের অন্যদের ধরতেও অভিযান চলছে।
