খুলনার তাঁতী দল নেতা হুমায়ুন হত্যা মামলার আসামি ফায়েক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

খুলনা মহানগরী তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হত্যা মামলায় জাতীয়তাবাদী ছাত্রদল নেতা আরাফাত হোসেনের ভাই ও ৩ নম্বর আসামি ফায়েক শেখকে (৪৩) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকার ব্লক-ই থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফায়েক শেখ খুলনার খালিশপুর থানার রায়েরমহল পশ্চিমপাড়ার শেখ ইদ্রিস আলীর ছেলে। একাধিক সূত্র জানায়, বিগত সরকারের সময় আটক ফায়েক শেখ স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ২০২৪ সালের ৫ আগষ্টের পর বিএনপি’র কর্মকান্ডে দেখা গেছে।

জানা যায়, নিহত হুমায়ুন কবির মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ১লা নভেম্বর সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান হিল ক্যান্টিনে বসেছিলেন তিনি। এ সময় পূর্বশত্রুতার জের ধরে ১৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন ও তার ভাই ফায়েক শেখসহ কয়েকজন ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে খুলনা সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী সৈয়দ নূর আমিন বাদী হয়ে খুলনার আড়ংঘাটা থানায় ফায়েক শেখসহ অন্য আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপির আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।