কুনজরে বিশ্বাসী পায়েল

কুনজরে বিশ্বাসী পায়েল

ফন্ট সাইজ:

সম্প্রতি ‘নজরবন্দী’ ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী পায়েল সরকার। অনুষ্ঠানে তার সাজপোশাক ছিল বেশ নজরকাড়া। কচি কলাপাতা রংয়ের সিক্যুয়েন্সের কাজ করা গাউনে সেজেছিলেন অভিনেত্রী। তবে পোশাকের পাশাপাশি বিশেষভাবে নজর কাড়লো তার কানের দুল। দুলের নকশায় উঁকি দিচ্ছে ‘ইভিল আই’ বা কুনজর থেকে রক্ষার প্রতীক। আর তা দেখেই স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, তবে কি কুনজর এড়াতেই এমন দুল বেছে নিয়েছেন পায়েল? অভিনেত্রীর অবশ্য বক্তব্য, ইভিল আই পরার সঙ্গে নজর কাটানোর কোনো সম্পর্ক নেই। তবে কুনজরে যে তিনি বিশ্বাস করেন, তা অকপটেই স্বীকার করেছেন পায়েল।

এমনকি, বিষয়টি নিয়ে তার কিছুটা আতঙ্কও রয়েছে। কিন্তু সেই বিশ্বাসের পরিধি ঠিক কতোটা? এ প্রসঙ্গে পায়েলের ব্যাখ্যা, কারও নেতিবাচক মনোভাবের আঁচ পেলে সেই মানুষটি থেকে দূরত্ব বজায় রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। অভিনেত্রীর কথায়, কেউ যদি একটানা আমার ব্যাপারে নেগেটিভ ভাবে, তাহলে তার সঙ্গেও আমার সময় কাটাতে বা সম্পর্ক রাখতে ইচ্ছা করবে না। সেটুকু বোঝার ক্ষমতা সকলেরই রয়েছে। আমি শুধু সেটুকুতেই বিশ্বাস করি। এর চেয়ে বেশি কিছু নয়। কুনজর নিয়ে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন নন পায়েল। বরং মানুষের মনোভাব এবং তার প্রভাবকেই বেশি গুরুত্ব দেন তিনি। কারও নেতিবাচক চিন্তাভাবনা যদি সম্পর্কের ওপর প্রভাব ফেলে, তা হলে সেই সম্পর্ক থেকে সরে আসাই তার কাছে স্বাভাবিক সিদ্ধান্ত। ইভিল আইয়ের দুল তাই ফ্যাশনের অনুষঙ্গ হলেও কুনজর নিয়ে অভিনেত্রীর নিজস্ব ভাবনাটা বেশ স্পষ্ট।