ছোট পর্দার পরিচিত মুখ লারা লোটাস। টিভি নাটকের বাইরে সিনেমাতেও দেখা গেছে তাকে। সম্প্রতি নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন বলে জানালেন তিনি। ‘জানালার ওপারে কেউ নেই’ শিরোনামে সিনেমাতে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করছেন আলী জুলফিকার জাহেদী। ছবি প্রসঙ্গে লারা লোটাস বলেন, এ
সিনেমার গল্প ও চরিত্রের কারণেই কাজটি করতে আগ্রহী হয়েছি। এখন আমাদের সিনেমার গল্প বলাতে বেশ পরিবর্তন এসেছে। দর্শক এ সিনেমায় আমাকে নতুন একটি চরিত্রে দেখতে পাবেন।
এ ছাড়া, সিনেমার পুরো গল্পও দর্শকের মনে দাগ কাটবে। লারা লোটাসকে এর আগে দেখা গেছে গাজী রাকায়েতের ‘মানুষটিকে দেখো’ ও রাশেদ শামীম শ্যামের ‘পরী’ সিনেমায়। এদিকে, টিভি নাটকেও নিয়মিত অভিনয় করছেন লারা। তার অভিনীত উল্লেখযোগ্য কিছু নাটক হলো- ‘আশ্রয়’, ‘পোড়া মাটির গল্প’, ‘মহল্লার বড় ভাই’, ‘তাল বাহানা’ ও ‘বৌ তরণী’, ‘রমিজের আয়না’ ও ‘কাছের মানুষ’। তিনি বলেন, ভালো গল্প ও চরিত্র পেলে নাটকে কাজ করছি। বেশ কিছু নতুন নাটকের কথা চলছে। ব্যাটে-বলে মিললেই করে ফেলবো।
