প্রতিষ্ঠার ১৮ বছর পেরিয়ে গেলেও এখনো প্রথম সমাবর্তনের আয়োজন করতে পারেনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। কয়েক দফা তারিখ নির্ধারণ ও পরিবর্তনের পর শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত প্রথম সমাবর্তন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি। ফলে সমাবর্তন নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বেরোবি’র প্রথম সমাবর্তন গত বছরের ২০শে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে একইদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় তারিখ পরিবর্তন করে ২০২৬ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এ লক্ষ্যে ২০২৫ সালের ২০শে নভেম্বর থেকে সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমাবর্তন কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে দ্বাদশ ব্যাচের শিক্ষার্থীদের এ সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছিল। নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয় ২১শে নভেম্বর থেকে ১০ই ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। তবে নির্ধারিত সময়ে সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন করেন মাত্র ১৬৭ জন শিক্ষার্থী।
এরই মধ্যে ৭ই ডিসেম্বর সমাবর্তন কমিটির এক সভায় অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। পরদিন ৮ই ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি, ফি কমানোসহ বেরোবি অ্যালামনাই এসোসিয়েশনের বিভিন্ন দাবি বিবেচনায় নেয়া হয়েছে। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতিকেও অনুষ্ঠান স্থগিতের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, সমাবর্তনের জন্য সিন্ডিকেট থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। ২০২৭ সালের মধ্যে ইনশাআল্লাহ্ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
