ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত মোট প্রাণহানি ৪৪৫ জনে দাঁড়ালো। গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৪ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৮৬৮ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে খুলনা বিভাগে ২১৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, বরিশাল বিভাগে ২০৬ জন, রাজশাহী বিভাগে ১৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২১২ জন মারা গেছেন। এ সময়ে খুলনা বিভাগে ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।