যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ব্যাপক বিজয়ের পাশাপাশি সংখ্যালঘু প্রার্থীদের হাত ধরে সৃষ্টি হয়েছে একাধিক ঐতিহাসিক নজির। গভর্নর ও সিনেট নির্বাচনে দীর্ঘদিনের রাজনৈতিক বাধা ভেঙে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ সিনেটর এবং প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর নির্বাচিত হয়েছেন।
এসব বিজয়কে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) নীতির বিরুদ্ধে মার্কিন ভোটারদের জোরালো প্রত্যাখ্যান হিসেবে দেখছেন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না।
নিজের প্রতিনিধি পরিষদের আসন ধরে রাখা খান্না সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে বলেন, যুক্তরাষ্ট্রে এখন তিনজন কৃষ্ণাঙ্গ গভর্নর রয়েছেন। ফ্লোরিডা, উইসকনসিন ও জর্জিয়ায় যথাক্রমে বায়রন ডোনাল্ডস, ডেভিড ক্রাউলি ও কেইশা ল্যান্স বটমস জয়ী হয়েছেন।
ডেমোক্র্যাট বটমস যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হওয়ার পাশাপাশি জর্জিয়ার প্রথম নারী গভর্নর হিসেবেও ইতিহাস গড়েছেন।
সংখ্যালঘুদের ঐতিহাসিক অর্জন
মধ্যবর্তী নির্বাচনে অধিকাংশ ঐতিহাসিক অর্জন ডেমোক্র্যাটদের ঝুলিতে গেলেও রিপাবলিকান পার্টিও নতুন নজির সৃষ্টি করেছে। বায়রন ডোনাল্ডস ফ্লোরিডার প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ রিপাবলিকান গভর্নর।
টেক্সাসে ডেমোক্র্যাট জিনা হিনোজোসার বিজয়কে ‘প্রথম লাতিনা গভর্নর’ নির্বাচনের ঘটনা হিসেবে উল্লেখ করেছেন রো খান্না। রিপাবলিকান গ্রেগ অ্যাবটকে পরাজিত করে হিনোজোসা টেক্সাসের গভর্নর পদে তিন দশকেরও বেশি সময়ের রিপাবলিকান আধিপত্যের অবসান ঘটিয়েছেন। ১৯৯৫ সালের পর তিনিই হবেন অঙ্গরাজ্যটির প্রথম নারী গভর্নর।
খান্না বলেন, ‘আজ রাতে ডিইআই ফিরে এসেছে। আমেরিকা বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিকে উদযাপন করেছে। তিনজন কৃষ্ণাঙ্গ গভর্নর, টেক্সাসের প্রথম লাতিনা গভর্নর, প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর, প্রথম সমকামী সিনেটর। আমি এই আমেরিকাকে ভালোবাসি।’
নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান জন সুনুনুকে পরাজিত করে ডেমোক্র্যাট ক্রিস পাপাস মার্কিন সিনেটে নির্বাচিত প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ হিসেবে ইতিহাস গড়েছেন।
কলোরাডোর প্রথম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট মেলাত কিরোস। তিনি অঙ্গরাজ্যটি থেকে প্রতিনিধি পরিষদে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ নারী।
নিউ জার্সির ১২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে জয় পেয়েছেন সাবেক মার্কিন সেনা কর্মকর্তা ও যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালনকারী চিকিৎসক ডেমোক্র্যাট আদম হামাওয়ি। এর মধ্য দিয়ে তিনি নিউ জার্সি থেকে নির্বাচিত প্রথম মুসলিম কংগ্রেস সদস্য হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত গাজায় স্বেচ্ছাসেবী হিসেবে রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আলোচনায় এসেছিলেন হামাওয়ি।
নিউ ইয়র্কের সপ্তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট ক্লেয়ার ভালদেজ। তিনি অঙ্গরাজ্যটি থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত প্রথম পরিচিত আদিবাসী নারী। ভালদেজ ইয়েসলেটা দেল সুর পুয়েবলো গোত্রের সদস্য। এটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়ভাবে স্বীকৃত তিনটি আদিবাসী গোত্রের একটি।
মিশিগানে ডেমোক্র্যাট আবদুল এল-সায়েদ সিনেট নির্বাচনে জয়ী হয়ে প্রথম মুসলিম-আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হওয়ার ইতিহাস গড়েছেন।
সব মিলিয়ে এসব বিজয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল ঘৃণা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বড় ধরনের বার্তা।
ট্রাম্পের প্রতি কি বার্তা দিলেন ভোটাররা?
এই বিজয়গুলো প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। তার প্রশাসন বিভিন্ন সরকারি বিভাগে ডিইআই কর্মসূচি বাতিল বা সংকুচিত করেছে। এর পরিবর্তে ট্রাম্প ‘মেধাভিত্তিক সুযোগ’ পুনঃপ্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন।
ট্রাম্পকে সন্তুষ্ট করতে বেশ কয়েকটি বড় করপোরেট প্রতিষ্ঠানও ডিইআই উদ্যোগ থেকে সরে এসেছে। এসব কর্মসূচির মূল লক্ষ্য ছিল কর্মক্ষেত্রে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা।
তবে মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ইঙ্গিত দিচ্ছে, ডিইআই উদ্যোগ ভেঙে দেয়ার প্রশাসনিক প্রচেষ্টাকে মার্কিন ভোটাররা সমর্থন করছেন না। বরং বর্ণ, ধর্ম ও সংস্কৃতির ভিন্নতা সত্ত্বেও মার্কিন রাজনীতিতে বৈচিত্র্য নিশ্চিত করার প্রতি জনগণের আগ্রহ অব্যাহত রয়েছে।
