বলিউডে গ্ল্যামারাস রূপে বরাবরই নজর কাড়েন অভিনেত্রী কৃতি শ্যানন। তবে ‘ককটেল ২’-এ তার বিকিনি লুক প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র আলোচনা। এতদিন কেন এমন খোলামেলা বা সাহসী রূপে দেখা যায়নি অভিনেত্রীকে? সম্প্রতি এক আলোচনায় এই প্রশ্নেরই জবাব দিলেন জাতীয় পুরস্কারজয়ী কৃতি। অভিনেত্রী বলেন, বিকিনি পরা নিয়ে তার কোনো আপত্তি বা বিশেষ বাধা ছিল না। বরং কোনো চরিত্রে এমন পোশাকের প্রয়োজন রয়েছে কিনা, সেটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র গ্ল্যামার বাড়ানো কিংবা দর্শকের নজর কাড়ার জন্য সাহসী দৃশ্যে অভিনয় করতে চান না তিনি। ছবির গল্প এবং চরিত্রের স্বাভাবিকতার সঙ্গে দৃশ্যটি মানানসই হওয়া জরুরি বলেই মনে করেন কৃতি। শহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন অভিনীত ‘ককটেল-২’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল।
বিশেষ করে ছবিতে কৃতির বিকিনি লুক সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে আসে। তবে ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। পর্দায় এমন রূপে ধরা দেয়ার জন্য কোনো চাপ অনুভব করেছিলেন কিনা, সেই প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। কৃতি বলেন, একজন শিল্পীর নিজের পছন্দ ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেয়া উচিত। পর্দায় নিজেকে কীভাবে উপস্থাপন করবেন, সেই সিদ্ধান্ত একান্তই তার। এর আগে রাখির সময়ে একটি গয়নার বিজ্ঞাপনে খোলামেলা হয়ে বিতর্কের মুখে পড়েছিলেন কৃতি। পরে সংস্থাটি বিজ্ঞাপনটি সরিয়ে নেয়।
