নিবিড় পর্যবেক্ষণে শেখ সাহেদ আলী

নিবিড় পর্যবেক্ষণে শেখ সাহেদ আলী

ফন্ট সাইজ:

নব্বই দশকের আলোচিত সংগীতশিল্পী শেখ সাহেদ আলীর শারীরিক অবস্থা সংকটাপন্ন। ‘রোকযানা’ গানের মাধ্যমে পরিচিতি পাওয়া এই শিল্পী বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। দীর্ঘদিনের কিডনি জটিলতার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে স্ট্রোক ও ডেঙ্গু। শিল্পীর ঘনিষ্ঠজন ও কুল এক্সপোজারের প্রধান এরশাদুল হক বলেন, গত চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে সাহেদকে। গত ২৪শে অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করার পর থেকে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না তিনি। ফিসফিস করে কথা বলা ও ইশারায় যোগাযোগের চেষ্টা করছেন।

এরমধ্যে ডেঙ্গু শনাক্ত হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। যার ফলে গত ৩১শে অক্টোবর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এদিকে অসুস্থতার কারণে স্থগিত হয়েছে তার ২৪টি নতুন গান প্রকাশের আয়োজন। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ডে সংরক্ষণের পরিকল্পনা ছিল।

আগামী ৬ই নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে নির্ধারিত অনুষ্ঠানটিও বাতিল করা হয়েছে। ১৫ই নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য দিল্লি যাওয়ার কথা ছিল তার। দাতাও চূড়ান্ত হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই পরিকল্পনা স্থগিত রয়েছে। ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সাহেদের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।