দীর্ঘদিন ধরেই অভিনয়ে নেই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়িকা সুজাতা আজিম। নায়িকা হিসেবে বহু সিনেমাতে অভিনয় করলেও এক সময় তিনি নাটকে অভিনয় শুরু করেন। তবে এরই মধ্যে দীর্ঘদিন তিনি নাটকে অভিনয়ে অনুপস্থিত ছিলেন। তবে এবার তাকে একটি ধারাবাহিক নাটকে অভিনয়ে দেখা যাচ্ছে। নাটকের নাম ‘প্রথম প্রেমের গল্প’। নাটকটি ‘নাফ এন্টারটেইনম্যান্ট’ ইউটিউব চ্যানেলে প্রচার হচ্ছে। পরিচালনা করছেন তানভীর তন্ময়। এতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন সুজাতা।
তিনি বলেন, ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিক নাটকটির গল্প আমার কাছে ভালো লেগেছে। আমার চরিত্রটিও খুব সুন্দর, নিলয়ের দাদীর চরিত্রে অভিনয় করছি আমি। এটি খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র। তানভীর তন্ময়ের সঙ্গে আমি এবারই প্রথম কাজ করেছি। বেশ পরিশ্রমী একজন পরিচালক। আর আমি অভিনয়ে নিয়মিত হতে চাই। সত্যি বলতে কী একটা সময় তো কাজ আর কাজের মাঝেই আমার সময় কেটেছে। সুজাতা জানান, এরই মধ্যে তিনি সেলিম রেজা, সুমন মেহেদীর পরিচালনায় আরও দু’টি নাটকের কাজ শেষ করেছেন। এ ছাড়াও ‘ক্যালেন্ডার’ নামের একটি সিনেমাতেও কাজ করছেন।
