সোনাইমুড়ীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

সোনাইমুড়ীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

ফন্ট সাইজ:

সোনাইমুড়ী-সোনাপুর মহাসড়কের উপরে ফজলে রাব্বি নামে একজনকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই হামলার শিকার হন সোনাইমুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তর পত্রিকার সোনাইমুড়ী প্রতিনিধি সাংবাদিক সেলিম মিয়া। রোববার সন্ধ্যায় উপজেলার বজরাডিশ সুমনের বাড়ির সামনে মহাসড়কে এই ঘটনা ঘটে।
জানা যায়, গত রোববার সন্ধ্যায় বজরা ৪নং ওয়ার্ড পূর্ব চাঁদপুর নোয়াব আলী কন্ট্রাক্টর বাড়ির মৃত ওয়ালি মিয়ার ছেলে সোলেমান (৪০) ও নোয়াগাঁও হাজী বাড়ির তাজুল ইসলামের ছেলে সোহেল (৩৫) মাগরিবের আগ থেকে ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে মহাসড়কের দুইপাশের যান চলাচল বন্ধ করে।

এ সময় ফজলে রাব্বি (২৮) নামের ওই ব্যক্তিকে চোর আখ্যা দিয়ে এলোপাতাড়ি ইট এবং লোহার রড দিয়ে মারধর করতে থাকে। এমতাবস্থায় সাংবাদিক সেলিম মিয়া ওই সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে বিষয়টি তার নজরে আসে। তাৎক্ষণিক তিনি তাকে উদ্ধারের জন্য নিজের পরিচয় দিয়ে এগিয়ে গেলে, সোলাইমান ও সোহেল সহ অজ্ঞাত ১৪-১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী লোহার রড দিয়ে তার ওপর আকস্মিক হামলা চালায়। এ সময় সেলিম মিয়া গুরুতর আঘাত পায়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের দাবি, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিক সেলিম মিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়। এ বিষয়ে সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মানবজমিনকে জানান, সাংবাদিক সেলিম মিয়ার ওপর হামলাকারী ২নং আসামি সোহেলকে আটক করা হয়েছে, অন্যদেরও গ্রেপ্তারে প্রশাসন কাজ করছে।