বোয়ালমারীতে যুবককে কুপিয়ে জখম

বোয়ালমারীতে যুবককে কুপিয়ে জখম

ফন্ট সাইজ:

ফরিদপুরের বোয়ালমারীতে পূর্বশত্রুতার জেরে ইসরাফিল মোল্যা (১৮) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইসরাফিল পৌরসভার ছোলনা গ্রামের রবিউল ইসলাম মোল্যার ছেলে। হামলায় শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ই সেপ্টেম্বর উপজেলা শিশুপার্কের সামনে একটি ফুচকা-চটপটির দোকানে আড্ডা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এ ঘটনায় ঋত্বিক শেখ ও কাকন আহমেদ নামে দুই যুবক মারধর ও ছুরিকাঘাতের শিকার হন। সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটে। রোববার রাতে ইসরাফিল বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে মহম্মদপুরের একটি মেলা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে তাদের পথরোধ করা হয়। এ সময় আগের ঘটনায় আহত দক্ষিণ কামারগ্রামের সেলিম শেখের ছেলে ঋত্বিক শেখ (২১) ও মনিরুল ইসলামের ছেলে কাকন আহমেদ (২০) ইসরাফিলকে মোটরসাইকেল থেকে টেনে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।