মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় দুইজন বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার সকাল ৬টার দিকে উপজেলার দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন— উপজেলার রামানন্দন গ্রামের নেকবর আলী সরকার (৬৫) এবং গয়াতলা দক্ষিণপাড়া এলাকার মো. কাইয়ুম দেওয়ান (৭৫)। আহত হাশেম বেপারী (৭০) একই এলাকার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় শেষে কয়েকজন বৃদ্ধ বাড়ি ফেরার পথে মসজিদের সামনে অবস্থান করছিলেন।
এ সময় সিরাজদিখান থেকে বালুচরগামী নম্বরবিহীন একটি বালুভর্তি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নেকবর ও কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। আহত হাশেম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। আহত হাশেম জানান, ফজরের নামাজ শেষে তারা মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন।
এ সময় হঠাৎ একটি ডাম্প ট্রাক তাদের ওপর উঠে যায়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে কী ঘটেছে, তা আর বলতে পারেননি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, সকালে স্থানীয় লোকজন তিনজন বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই দুই বৃদ্ধের মৃত্যু হয়েছিল। সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ডাম্প ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
