সীতাকুণ্ডে চাঁদা দাবির প্রতিবাদ করায় হামলার অভিযোগ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৮ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, হামলাসহ বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ তুলেছেন ব্যবসায়ী মো. নুরুল আবছার। এসব ঘটনায় কয়েকজনকে দায়ী করে নিজেদের নিরাপত্তাসহ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি। গতকাল দুপুরে সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ভাটিয়ারী ইউনিয়নের বাসিন্দা নুরুল।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন— সুমন, মনির ও সোহেলসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তার কাছে ৮ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। গত ২০শে অক্টোবর সকালে নিজের বাগানবাড়িতে গেলে সুমন ধারালো কিরিচ নিয়ে তাকে আঘাতের চেষ্টা করে বলে অভিযোগ করেন। এ ঘটনায় ওইদিন রাতেই সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নুরুলের দাবি, পরদিন ২১শে অক্টোবর বাগানে গিয়ে ১৯টি গাছ কাটা অবস্থায় দেখতে পান। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। গাছ কাটার বিষয়টি দেখতে গেলে সুমন তার ওপর হামলা চালিয়ে মারধর করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এদিকে গত ৩১শে অক্টোবর ঔঈ ঞঠ নামের একটি অনলাইন মাধ্যমে তাকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। অনুমতি ও বক্তব্য না নিয়ে তার ছবি ব্যবহার এবং সম্পাদিত কণ্ঠস্বরের মাধ্যমে বক্তব্য প্রচারের অভিযোগও করেন নুরুল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি কারও সঙ্গে বিরোধে জড়াতে চাই না। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।