সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি আত্মসমর্পণের একদিন পর আদালত থেকে জামিন পেয়েছেন। সোমবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালতে শুনানি শেষে প্রত্যেককে ৫০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারক মোসলেম উদ্দিন। আদালতের কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১২) কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণকারী পাবনা জেলার ৪৫ জন, রাজবাড়ীর ১৩ ও সিরাজগঞ্জের ৭ জন মিলে মোট ৬৫ জন চরমপন্থিকে আদালত জামিন দিয়েছেন। এসব আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে মামলা ছিল। যা দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা নিয়েছেন সরকার।
এর আগে, রোববার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের কার্যালয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করেন। এ সময় প্রতিমন্ত্রী এসআরবি’র সদস্যদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি আত্মসমর্পণকারী ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, অন্ধকার জগতে থাকা ব্যক্তিদের আলোর পথে ফিরিয়ে আনতে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে অঞ্চলভেদে চরমপন্থি সংগঠনে যুক্ত ব্যক্তিদের নানা সমস্যা আলোচনা করে সমাধানের পথ খুঁজে বের করা হবে। ২০২৪ সালের ৫ই আগস্টের পর দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে আত্মসমর্পণকারীদের কাছে তথ্য থাকলে এসআরবিকে সহায়তা করার কথা বলেন প্রতিমন্ত্রী। পরে অস্ত্র জমা দেয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ফারজানা শারমিন বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন।
