সরাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ফন্ট সাইজ:

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা, আরেকজন বীর মুক্তিযোদ্ধা এসএম হিরোকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। পিরোজপুরের চিতলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেয়ার ঘটনা এবং গত ৩১শে অক্টোবর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা এসএম হিরোকে লাঞ্ছিত করার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে মুক্তিযোদ্ধারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, মুক্তিযোদ্ধারা কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর নন। তারা সমগ্র জাতির গর্ব। স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। যাদের আত্মত্যাগের বিনিময়ে এ দেশের স্বাধীনতা। তাদের জানাজা-দাফনে বাধা দেয়া কিংবা প্রকাশ্যে অপমান করা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক ও বেদনাদায়ক। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে মানুষগুলো জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। আজ তাদেরই সম্মান ও মর্যাদা নিয়ে প্রশ্ন উঠছে। একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ের সময় জানাজা ও দাফনে বাধা দেয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একইভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্রাহ্মণবাড়িয়া কৃতী সন্তান মুক্তিযোদ্ধা সংগঠক বীর মুক্তিযোদ্ধা এসএম হিরোকে লাঞ্ছিত করার ঘটনাও মুক্তিযোদ্ধাদের মর্যাদার ওপর আঘাত। এসব ঘটনা শুধু ব্যক্তিকে অপমান করা নয়, বরং মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতিও অসম্মান। সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন— বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, মাজিদ বাহাদুর, সমসুল হক চৌধুরী, করম আলী, রহমত আলী, জহরলালসহ আরও অনেকে।