নেগেটিভ ভেবে ক্ষতি করতে চান না বাশার

নেগেটিভ ভেবে ক্ষতি করতে চান না বাশার

ফন্ট সাইজ:

মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আট উইকেটে হারের পর শুরু হয়েছে দলের ব্যাটিং নিয়ে ফের তীব্র সমালোচনা। হবারই কথা! কারণ প্রথম ইনিংসে ২৭২ রান করে ২৭ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে দলের পক্ষে সাদমান ইসলাম ১০৫ রান করেন এবং দ্বিতীয় ইনিংসে নাঈম হাসান ৫২ রান করেন। এতে ক্যারিবীয়দের সামনে ১৭০ রানের লক্ষ্য দাঁড়ায়। তারা ৩৫.১ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। প্রতিপক্ষের রস্টন চেইস পাঁচ উইকেট নেন এবং জোমেল ওয়ারিক্যান পান চার উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের ব্যর্থতায় দলের কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। তবে দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন সমালোচনা দূরে সরিয়ে সামনে তাকাতে চান। তিনি মনে করেন একটি হার দিয়ে পুরো দলের বিচার করা ঠিক নয়। আগামী বৃহস্পতিবার সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। সেখানে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। বাশার বলেন, ‘আমরা অবশ্যই দ্বিতীয় টেস্ট জিততে চাই। আমাদের একটা বড় সমস্যা হলো আমরা খারাপ দিকগুলোকে বেশি হাইলাইট করি, কিন্তু দলের ভালো সাফল্যগুলো নিয়ে তেমন আলোচনা করি না। টিম কিন্তু ভালো ক্রিকেট খেলছে। একটা টেস্ট ম্যাচ খারাপ গেছে বলেই আমরা একদম বাজে দল হয়ে যাইনি।’

মিরপুর টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করেন যে দলের ব্যাটাররা উইকেটে টিকে থাকার মানসিকতা দেখাতে পারেননি। প্রথম টেস্টে বাংলাদেশ দলে খেলেননি মুশফিকুর রহীম। তার শূন্যস্থান মিডল অর্ডারে প্রভাব ফেলেছে। চোটের কারণে দলে টপ অর্ডারের কয়েকজন ব্যাটারও সুস্থ ছিলেন না। তবে সিলেট টেস্টের আগে চোট পরিস্থিতি নিয়ে স্বস্তির খবর রয়েছে বাংলাদেশ শিবিরে। মুশফিক এখন সুস্থ। তাছাড়া মাথায় আঘাত পেয়ে ছিটকে যাওয়া মুমিনুল হকের কনকাশন প্রটোকল শেষ হয়েছে। লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়ের চোট নিয়েও আর শঙ্কা নেই। দলের ফিটনেস নিয়ে বাশার বলেন, ‘মুশফিকুর রহীমের না থাকা আমাদের জন্য বড় ধাক্কা, কারণ ও আমাদের টেস্ট ব্যাটিংয়ের মূল স্তম্ভ। এছাড়া মুমিনুল, লিটনদের ইনজুরি মিলিয়ে আমাদের টপ ব্যাটিং লাইনআপের সবাই কমবেশি ইনজুরড ছিল। এটি নিশ্চিতভাবেই দলের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলেছে। ইনজুরি নিয়ে এখন আর তেমন বড় কোনো উদ্বেগ নেই।

মুশফিক যতটুকু জানি এখন সুস্থ অনুভব করছে। মুমিনুলের কনকাশন প্রটোকল শেষ, ও এখন পুরোপুরি ক্লিয়ার এবং ভালো আছে। আর লিটন ও হৃদয়ের ইনজুরিগুলো একেবারেই মাইনর, এগুলো নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।’
সিলেট টেস্টের দলে একটি পরিবর্তন আনা হয়েছে। মুমিনুলের জায়গায় দলে ফিরেছেন অমিত হাসান। তিনি জাতীয় লীগে টানা রান করে নির্বাচকদের নজরে এসেছেন। লীগে তিনি ২০১ রানের একটি ইনিংস খেলেছেন। বর্তমানে তিনি জাতীয় লীগের ম্যাচ খেলছেন। অমিতের টেস্ট দলে যোগ দেয়া নিয়ে নির্দিষ্ট সময় বেঁধে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রয়োজন হলে তাকে ম্যাচের মাঝপথ থেকে তুলে নেয়া হতে পারে। তবে একাদশে তার খেলার সম্ভাবনা কম বলে জানা গেছে। মুশফিকুর রহীমের বদলে খেলা হৃদয় অথবা মুমিনুলের বদলি হিসেবে নামা জাকের আলীর মধ্যে একজন সিলেটে খেলতে পারেন।

অন্যদিকে মিরপুরে হারের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ এক ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে। ফাইনালে যাওয়ার দৌড়ে টিকে থাকতে হলে পরবর্তী ম্যাচগুলোতে দলের জয় প্রয়োজন। প্রথম টেস্টে বাংলাদেশ দলের উইকেট মূল্যায়নে ঘাটতি ছিল বলে বিশ্লেষকরা মনে করেন। ওয়েস্ট ইন্ডিজ বাড়তি স্পিনার খেলালেও বাংলাদেশ তাদের পরিকল্পনা বদলাতে পারেনি। তবে দল নিয়ে নেতিবাচক আলোচনা করতে রাজি নন প্রধান নির্বাচক। তিনি অতীত সাফল্যের কথা মনে করিয়ে দলকে ভরসা দিচ্ছেন। বাশার বলেন, ‘এমনও নয় যে ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে খেলবো আর অমনি জিতে যাবো, তারাও ভালো দল। কিন্তু আমরাও খারাপ সাইড না। একটা টেস্ট ম্যাচ খারাপ গেছে মানেই এমন নয় যে আমরা একদম খারাপ, কখনো জিতি নাই বা জিততে পারবো না। এরকম চিন্তাভাবনা আমি করতে চাই না। বিকজ লাস্ট হোম সিরিজে আমরা পাকিস্তানের মতো দলকে ২-০ তে হারিয়েছি, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে জিতেছি। অস্ট্রেলিয়াকে হারিয়েছি, সো... হোয়াই নট?’