জাদুকরী মেসির কাঁধে চড়ে চ্যাম্পিয়নস কাপে মায়ামি

জাদুকরী মেসির কাঁধে চড়ে চ্যাম্পিয়নস কাপে মায়ামি

ফন্ট সাইজ:

ম্যাচের তখন ৮৩ মিনিট। ইন্টার মায়ামি তখনো জয়ের সমীকরণ মেলাতে ব্যর্থ। ঠিক তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন লিওনেল মেসি। আগের গোলেও অবদান রাখা মেসি নিজের চেনা জাদুকরী ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিংয়ে দলকে এনে দিলেন মহাগুরুত্বপূর্ণ এক জয়। ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে নিউ ইংল্যান্ড রেভোলুশনকে ২-১ গোলে হারিয়ে ২০২৭ কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে খেলা নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।

মেজর লীগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে ওঠার লড়াইয়ের শুরুটা সহজ ছিল না ফ্লোরিডার ক্লাবটির জন্য। প্রথমার্ধে দাপট দেখায় স্বাগতিক নিউ ইংল্যান্ডই। ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজডাগের গোলে এগিয়েও যায় তারা। পিছিয়ে পড়ে খাদের কিনারায় চলে যাওয়া মায়ামিকে ম্যাচে ফেরান মেসিই। ৬৯ মিনিটে মাতিয়াস গালারজা ও তেলাস্কো সেগোভিয়ার চমৎকার পাসিংয়ের পর বক্সের ভেতর বল পান মেসি। গোলমুখের ঠিক দূরে পিঠ ফিরিয়ে থাকা অবস্থায় হেডে বলটি বাড়িয়ে দেন পেছনে থাকা হার্মান বের্তেরামের ঠিক পথ বরাবর। সেই বল দারুণ এক হেডে জালে জড়িয়ে স্কোরলাইন ১-১ করেন আর্জেন্টাইন বংশোদ্ভূত মেক্সিকান ফরোয়ার্ড বের্তেরামে।

এরপর ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হয় ৮৩ মিনিট পর্যন্ত। রদ্রিগো ডি পলের বাড়ানো বল বক্সের ঠিক বাইরে পেতেই তিন ডিফেন্ডারের মাঝখানে পড়ে যান মেসি। তবে জাদুকরি ছোট ছোট টাচে প্রতিপক্ষের রক্ষণব্যূহ গুঁড়িয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর বাঁ পায়ের নিখুঁত ও নিচু শটে পরাস্ত করেন স্বাগতিক গোলকিপার ম্যাট টার্নারকে। এই গোল দিয়েই উল্লাসে ফেটে পড়ে ইন্টার মায়ামি শিবির।

ম্যাচের শেষ দিকে ইয়ান ফ্রের আত্মঘাতী গোলে নিউ ইংল্যান্ড সমতা ফেরানোর উল্লাস মাতলেও অফসাইডের সুবাদে বেঁচে যায় মায়ামি। শেষ পর্যন্ত ২-১ গোলের রোমাঞ্চকর জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

এ জয়ে ৩৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে মায়ামি। এক পয়েন্ট কম নিয়ে তিনে নেমে গেছে নিউ ইংল্যান্ড। আর ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল। চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা মেসির গোলসংখ্যা এখন ২৬টি এবং অ্যাসিস্ট ১৬টি। টানা তৃতীয়বারের মতো লীগের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ (এমভিপি) পুরস্কারের দিকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন তিনি। নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি।