বিশ্বসেরা ব্যাটারদের একজন হলেও ইদানীং যেন কিছুতেই নিজের চেনা ছন্দে ফিরতে পারছেন না বাবর আজম। সম্প্রতি ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ৫ ম্যাচে মাত্র ২৩.৬০ গড়ে করেছেন ১১৮ রান, স্ট্রাইক রেট ছিল মাত্র ৭৪.২১। কোনো ফিফটি তো মেলেইনি, ফাইনালে আউট হন শূন্য রানে। পাকিস্তান তারকার দীর্ঘ অফ-ফর্ম ও টেকনিক্যাল সমস্যা কাটিয়ে উঠতে এবার সরাসরি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে বিশেষজ্ঞ কোচের অধীনে কাজ করার পরামর্শ দিয়েছেন দেশটির কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ।
২০২৩ সালের সেপ্টেম্বরে নেপালের বিরুদ্ধে ১৫১ রানের পর বাবরের ব্যাটে যেন সেঞ্চুরির খরা নেমে আসে। দীর্ঘ অপেক্ষা শেষে ২০২৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ২০তম ওয়ানডে সেঞ্চুরি পান তিনি। এরপর থেকে ফের রান খরায় ভুগছেন বাবর। চলতি বছরের মে মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটি করার পর থেকে ওয়ানডে ফরম্যাটে আর পঞ্চাশের কোটা ছোঁয়া হয়নি ৩২ বছর বয়সী এই তারকার।
এমন পরিস্থিতিতে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া কায়েদ-ই-আজম ট্রফিতে লাহোর হোয়াইটসের হয়ে মাঠে নামার কথা রয়েছে বাবরের। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় ইউসুফ পরামর্শ দিয়েছেন, টেকনিক্যাল সমস্যা না মিটিয়ে বাবরের প্রথম শ্রেণির ক্রিকেট খেলা ঠিক হবে না। সেখানে রান না পেলে আত্মবিশ্বাস আরও কমে যেতে পারে বলে সতর্ক করেন তিনি।
ইউসুফ লেখেন, ‘যতক্ষণ না বাবর কোচের সঙ্গে টেকনিক্যাল সমস্যাগুলো সমাধান করছে, তত দিন তার প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত নয়। ঘরোয়া ক্রিকেটেও সংগ্রাম করলে তা ওর আত্মবিশ্বাস ও ক্যারিয়ারের আরও ক্ষতি করবে।’
তিনি আরও লেখেন, ‘ওকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো হাই-পারফরম্যান্স একাডেমিতে পাঠানো হোক। সে এখনো পাকিস্তানের সেরা ব্যাটার। সঠিক দিকনির্দেশনা ও সামান্য চেষ্টাতেই ও আবার সেরা রূপে ফিরতে পারবে। চার বছর আগেও আমি এই কথাটা বলেছিলাম, কিন্তু কেউ শোনেনি। দয়া করে এবার অন্তত শোনো।’
