বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনালে আকস্মিক ছয়টি রুটে বাস ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। সড়কে থ্রি হুইলার, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বরিশাল থেকে লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ছয়টি রুটের কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছে।
জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এই বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ছয়টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে।
এখান থেকে প্রতিদিন গড়ে কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। যাত্রীদের অভিযোগ, বাস বন্ধ থাকায় যাতায়াতের জন্য তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। পাশাপাশি কয়েকদিন পর পর বাস ধর্মঘটের বিষয়টির দিকে বিশেষভাবে নজর দেয়ার জন্য তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, রোববার বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনালের বাস, থ্রি হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ সময় সড়কে থ্রি হুইলার বন্ধের দাবি তোলেন বাস মালিক ও শ্রমিকরা। তাদের দাবি থ্রি হুইলারের কারণে বাস দুর্ঘটনা বেড়েই চলছে।
পাশাপাশি বাসের সাথে পাল্লা দিয়ে অটোরিকশা চলছে। এতে প্রতিনিয়তই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তারা দ্রুত সড়ক থেকে থ্রি হুইলার সরিয়ে নেয়ার দাবি করেন। চরকাউয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. স্বপন হোসেন জানিয়েছেন, সোমবার সকাল থেকে তারা বাস চালানোর চেষ্টা করলেও থ্রি হুইলার ও অটোরিকশার চালকরা বাস চলাচলে বাধা সৃষ্টি করছে। বিষয়টি সমাধানের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অপরদিকে বিক্ষুব্ধ থ্রি-হুইলার ও অটোরিকশার চালকরা জানিয়েছেন, তারা নিয়মানুযায়ী তাদের ছোট যান চালাচ্ছেন কিন্তু বাস চালকরা ইচ্ছা করে কয়েকদিন পর পর তাদের ওপর বিভিন্ন অভিযোগ চাপিয়ে দিচ্ছেন। যাত্রী সোহরাব হোসেন হাওলাদার জানিয়েছেন, তিনি বরিশাল থেকে নেহালগঞ্জ যাবেন। কিন্তু বাস বন্ধ থাকায় বিকল্প পথে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে।
