জমি বিক্রি নিয়ে বিরোধে যুবক নিহত

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি বিক্রি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই জহিরুল ইসলাম জসিম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত রোববার বিকালে কমলগঞ্জ পৌর এলাকার বড়গাছ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ময়নুল হক নামের এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত জাহাঙ্গীর বড়গাছ গ্রামের উম্মর মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানায়, বড়গাছে পৌর এলাকার রামপাশা গ্রামের দুলা মাস্টারের ছেলে লন্ডন প্রবাসী রিপন আহমেদের জমি রয়েছে। ওই জমি বিক্রিকে কেন্দ্র করে মধ্যস্থতাকারী জাহাঙ্গীরদের সঙ্গে একই গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে মাহমুদ মিয়া (৩৫), মামুন মিয়া (৩০) ও ময়নুল হকের (২৮) বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের মধ্যে রোববার বিকাল সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরের চাচাতো ভাই সাহেল জমি কেনার জন্য দু’জন ক্রেতা নিয়ে আসেন এবং কথা বলতে জাহাঙ্গীরের বড় ভাই জহিরুল ইসলাম জসিমকে ডেকে আনেন। জসিম সেখানে পৌঁছালে প্রতিপক্ষরা জমি বিক্রিতে বাধা দেয়।

এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিয়ে হামলা করেন। হামলায় জসিমকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় জসিমের ভাই জাহাঙ্গীর গেলে তাকেও জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টার দিকে জাহাঙ্গীরের মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে ময়নুল নামের একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।