ছাত্রীকে হেনস্তার অভিযোগে জাবিতে ১২ বাস আটক

ফন্ট সাইজ:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে বাসে হেনস্তা ও দুর্ব্যবহারের অভিযোগে ইতিহাস পরিবহনের ১২টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাসগুলো আটকে রাখা হয়। এ সময় অভিযুক্ত হেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান- শিক্ষার্থীরা। ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, গত রোববার ক্যাম্পাস থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে একটি বাসে ওঠেন তিনি। তবে হেমায়েতপুর এলাকায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাসা থেকে ফোন করে তাকে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসতে বলা হয়।

পরে রাস্তা পার হয়ে ইতিহাস পরিবহনের একটি বাসে ওঠেন তিনি। ওই ছাত্রী জানান, হেমায়েতপুর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হাফ ভাড়া ১০ টাকা হলেও বাসের হেলপার তার কাছ থেকে ২০ টাকা আদায় করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাস না থামিয়ে চলন্ত অবস্থায় তাকে নামতে বলেন- হেলপার। বাস থামিয়ে নামার কথা জানালে হেলপার তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং গায়ে হাত দেয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন ওই ছাত্রী। এ সময় তিনি চিৎকার করলে বাস থামিয়ে তাকে নামিয়ে দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, আমরা বাসের মালিক ও অভিযুক্ত হেলপারের সঙ্গে কথা বলেছি। ওই ছাত্রী চেয়েছেন, হেলপার যেন ভবিষ্যতে কোনো ছাত্রীর সঙ্গে এ ধরনের আচরণ না করেন এবং তার কাছে ক্ষমা চান।