কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় চরম ফল বিপর্যয় ঘটেছে। কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেয়া মোট ৩০০ জন শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জনই অকৃতকার্য হয়েছেন। এতে পাসের হার নেমে এসেছে মাত্র ১৭.৬৭ শতাংশে। এমন নজিরবিহীন ও লজ্জাজনক ফলাফলের প্রতিবাদে কলেজ প্রশাসনের বিরুদ্ধে এক ব্যতিক্রমী অবস্থান নিয়েছে স্থানীয় ছাত্রদল।
রোববার উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী, সহ-সভাপতি সজিবুর রহমান শান্ত এবং নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তারিক আজিজের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা কলেজে গিয়ে শিক্ষকদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এই অভিনব প্রতিবাদ জানান। ছাত্রদল নেতাদের মতে, ৩০০ শিক্ষার্থীর মধ্যে মাত্র ৫৩ জন পাস করার এই ভয়াবহ ব্যর্থতার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকরা কোনোভাবেই এড়াতে পারেন না। শিক্ষকদের ফুল দিয়ে জানানো এই নীরব ও ব্যঙ্গাত্মক প্রতিবাদের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে সাধারণ মানুষ ও নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
