জাতীয়তাবাদী তাঁতী দল খুলনা মহানগরী যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবির হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে নিহতের ছেলে সৈয়দ নুর আমিন সৌহার্দ্য আড়ংঘাটা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন সহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত আসামি শেখ সিদ্দিক (৫৩) কে গ্রেপ্তার করেছে।
এদিকে সোমবার আছরবাদ রায়েরমহল বড় মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হালিমুর রহমান বলেন, এ ঘটনায় এজাহারভুক্ত আসামি সিদ্দিককে রাতেই গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ছাত্রদলের আরাফাত সহ অন্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হচ্ছে না। গ্রেপ্তার শেখ সিদ্দিক রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার মৃত শেখ ইদ্রিস আলী ওরফে ইদিল ফকিরের ছেলে।
এদিকে সূত্র জানিয়েছে, ছাত্রদলের আরাফাতের দোকান থেকে ক্রয়কৃত ফ্রিজের কিস্তির টাকা সময়মতো পরিশোধ না করায় ঘটনার আগে তাঁতী দলের হুমায়ুন কবির এবং আরাফাত ও ফায়েকের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতি হয়। এরপরই তারা দেশীয় অস্ত্র দিয়ে হুমায়ুন কবিরকে আঘাত করে। তৎক্ষণিক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘আল-ক্যান্টিনো’ নামক রেস্টুরেন্টে’ অবস্থান করছিলেন। নিহত হুমায়ুন কবির রায়েরমহল বড় মসজিদ এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে। নিহতের ভাইপো সৈয়দ দিদারুল করিম বিপ্লব দাবি করেন, ছাত্রদল নেতা আরাফাত ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ছোট চাচা হুমায়ুন কবিরের ওপর হামলা করে। তারা হুমায়ুন কবিরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
এদিকে সোমবার আছরবাদ রায়েরমহল বড় মসজিদে সামনে নিহত সৈয়দ হুমায়ুন কবিরের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এ সময় খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ’র চেয়ারম্যান এডভোকেট শফিকুল আলম মনা, কেসিসি’র প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবু, সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, রায়েরমহল ডিগ্রি কলেজের সভাপতি ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, বিএনপি নেতা আবু সাঈদ শেখ, সাজ্জাদ হোসেন পরাগ, মোস্তফা কামাল, শেখ জামিরুল ইসলাম, সজীব তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
