চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী মো. জাকির হোসেনের ওপর হামলা, পাঁচ লাখ টাকা ছিনতাই ও কুপিয়ে জখমের ঘটনায় মামলা হয়েছে। সোমবার নগরের কোতোয়ালি থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। এতে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে। জানা যায়, আসামিরা হলো— জসিম উদ্দিন প্রকাশ আরমান, সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ, মোহাম্মদ দিদারুল আলম প্রকাশ কালু দিদার ও আবু সাহেব আবিদ।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১লা নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে নগরের গোলাম রসুল মার্কেটের বিপরীত পাশে তিনপুলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়িক বিরোধের জেরে আসামিরা জাকির হোসেনের পথরোধ করেন। এ সময় তাকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে গলা চেপে ধরে তাকে হত্যার চেষ্টা করা হয়। পরে তার সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তাদের সম্ভাব্য অবস্থান শনাক্ত করে প্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসী যেই হোক, কাউকে ছাড় দেয়া হবে না।