মানিকগঞ্জে অপহৃত শিক্ষার্থীকে ফিরে পেতে মানববন্ধন

মানিকগঞ্জে অপহৃত শিক্ষার্থীকে ফিরে পেতে মানববন্ধন

ফন্ট সাইজ:

অপহরণের ৯ দিন পেরিয়ে গেলেও বিবিএ পড়ুয়া শিক্ষার্থী রিদয়ন আনসারী (২৫)কে উদ্ধার করতে না পারায় ক্ষোভে ফুঁসে উঠেছে মানিকগঞ্জের মানুষ। সন্তানকে ফিরে পেতে রাজপথে মায়ের বুকফাটা কান্না আর স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকা। সোমবার দুপুরে রিদয়নের স্বজন, এলাকাবাসী ও সহপাঠীদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে শোকাবহ পরিবেশ তৈরি হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রিদয়নকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের মতো কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় প্রায় আধা ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। এর আগে স্থানীয় শিক্ষার্থীরা অপহরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। বানিয়াজুরী বাসস্ট্যান্ডে এই মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, ব্যুরো অব সোশ্যালের প্রেসিডেন্ট নুরুল ইসলাম সত্তার, এনপিআই ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার ড. মো. ফারুক হোসেন, রিদয়নের চাচা আব্দুল হান্নান আনসারীসহ এলাকার শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা অবিলম্বে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে রিদয়নকে উদ্ধারের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। গত ২৪শে অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকায় বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশ্যে রওনা হন রিদয়ন। ওইদিন রাত সাড়ে ৯টার দিকে বড় ভাই শাহরিয়ার আনসারীর সঙ্গে তার শেষ কথা হয়। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগীর খালাতো ভাই ফয়সল মাহমুদ গত ২৫শে অক্টোবর গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।